বাসস
  ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২৩

পেরুতে পোপের সম্ভাব্য সফর ২০২৬ সালের শেষের দিকে

ঢাকা, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : পেরুর এপিস্কোপাল কনফারেন্স বুধবার জানায়, পোপ চতুর্দশ লিও’র ২০২৬ সালের শেষের দিকে পেরু সফরে আসার সম্ভাবনা রয়েছে। পোপ এই দেশে ২০ বছরের বেশি সময় ধর্মপ্রচারক হিসেবে কাজ করেছেন।

লিমা থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

২০১৫ সাল থেকে পেরুর নাগরিকত্ব থাকা লিও হলেন প্রথম মার্কিন জন্মোদ্ভূত কার্ডিনাল যিনি বিশ্বের ১৪০ কোটি ক্যাথলিকের নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন।

কনফারেন্সের সভাপতি মন্সিগনর কার্লোস গার্সিয়া লিমায় সাংবাদিকদের বলেন, ‘পোপ পেরুতে আসতে খুবই আগ্রহী। তিনি স্পষ্ট বলেছেন, সফরটি সম্ভাব্যভাবে নভেম্বরেই হবে, সর্বোচ্চ ডিসেম্বরের প্রথম সপ্তাহে।’

তিনি আরও বলেন, সফরটি প্রায় ‘৮০ শতাংশ নিশ্চিত’, তবে আনুষ্ঠানিক প্রস্তুতি এখনও শেষ হয়নি।

রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট নামে জন্ম নেওয়া লিও ১৯৮৫ সালে প্রথমবার পেরুর অগাস্টিনিয়ান সম্প্রদায়ে যোগ দেন। 

এরপর তিনি দেশে দীর্ঘ দুইটি মিশনে অংশগ্রহণ করেন, যা তার চরিত্র গঠনে গভীর প্রভাব ফেলেছে বলে তার পরিচিতরা জানান।