বাসস
  ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:১০

নতুন নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের যোগদান আগামীকাল

ঢাকা, ৬ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে নিয়োগ প্রাপ্ত ১৮৪ জন চিকিৎসক যোগদান করবেন আগামীকাল। নিয়োগ পাওয়া চিকিৎসকদের মধ্যে সহকারী ডেন্টাল সার্জন পদে ১৯ জন এবং সহকারী সার্জন পদে ১৬৫ জন রয়েছেন।

নতুন নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের সকাল ৯টায় শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে উপস্থিত হয়ে যোগদান করতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। 

নির্দেশনায় বলা হয়েছে, বিসিএস গেজেটের সিরিয়াল/ক্রমিক নম্বর অনুযায়ী যোগদান বুথ থাকবে। যোগদানপত্র দাখিলের জন্য পূর্বের নির্দেশনা অনুযায়ী যোগদান আবেদনের ২ কপি, জাতীয় পরিচয়পত্রের ২টি ফটোকপি এবং নিয়োগপত্রের অনুচ্ছেদ (ঞ) মোতাবেক ৩০০ (তিনশত) টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে  ‘তিনি নিজে বা তার পরিবারের কোনো সদস্য যৌতুক গ্রহণ করবেন না এবং যৌতুক প্রদান করবেন না’ মর্মে একটি বন্ড দাখিল করতে হবে।

চিকিৎসকদের যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস। 

এর আগে, গত ৩০ আগস্ট মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখার যুগ্মসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৫ আগস্ট ২০২৬ তারিখের প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে ৪৮তম (বিশেষ) বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সহকারী সার্জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের আগামী ৭ সেপ্টেম্বর পূর্বাহ্নে সশরীরে উপস্থিত হয়ে যোগদানপত্র দাখিল করতে হবে।’