বাসস
  ২৩ আগস্ট ২০২৬, ১৭:০১

রোগীদের সেবায় পিআইসিইউ চালুসহ অত্যাধুনিক যন্ত্রপাতি কেনার সিদ্ধান্ত বিএমইউ’র

ছবি : বাসস

ঢাকা, ২৩ আগস্ট, ২০২৬ (বাসস) : রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে শিশুদের জন্য পিআইসিইউ (পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট) চালু, বিভিন্ন বিভাগের প্রয়োজনীয় যন্ত্রপাতি ও অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম ক্রয়সহ উন্নয়নমূলক কার্যক্রমে বাজেট বরাদ্দ নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) অর্থ কমিটি।

আজ রোববার বিএমইউর কোষাধ্যক্ষের কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির ১২১তম সভায় ২২টি এজেন্ডা নিয়ে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার।

সভায় রোগীদের চিকিৎসা সেবার স্বার্থে বিভিন্ন বিভাগের প্রয়োজনীয় যন্ত্রপাতি ও চিকিৎসা সরঞ্জাম ক্রয়, শিশুদের জন্য পিআইসিইউ চালু, রোগীদের প্রয়োজনীয়তা বিবেচনায় অত্যাধুনিক চিকিৎসা যন্ত্রপাতি সংগ্রহ এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে বাজেট বরাদ্দসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী, সংসদ সদস্য ও বিএমইউ অর্থ কমিটির সদস্য ডা. মো. মাহাবুবুর রহমান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্মসচিব (বাজেট) ও অর্থ কমিটির সদস্য মো. আবদুল্লাহ হারুন, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ এবং উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার অংশ নেন।

এ ছাড়া মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল, নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. মওদুদুল হক, পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতন এবং ইউজিসির পরিচালক (অর্থ ও হিসাব ডিভিশন) মো. রেজাউল করিম হাওলাদার সভায় অংশগ্রহণ করেন।

সভায় বিএমইউর অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মো. মাসুদ আলম, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মো. নাছির উদ্দিন ভূঁঞা এবং অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মোহাম্মদ বদরুল হুদাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।