বাসস
  ০২ এপ্রিল ২০২৬, ১৫:৩০

রামেক হাসপাতালে বাড়ল এনআইসিইউ শয্যা 

ছবি : বাসস

রাজশাহী, ২ এপ্রিল, ২০২৬ (বাসস): রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র এনআইসিইউতে বাড়তি চাপ সামাল দিতে বেড সংখ্যা বৃদ্ধি ও বিকল্প ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে। 

হামে আক্রান্ত শিশু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, এনআইসিইউর সক্ষমতা বাড়াতে জেরিয়াট্রিক আইসিইউ থেকে ৬টি বেড যুক্ত করা হয়েছে। এতে করে এনআইসিইউতে মোট বেড সংখ্যা দাঁড়িয়েছে ১৮টিতে। এর মধ্যে ১২টি বেড হামে আক্রান্ত শিশুদের জন্য নির্ধারিত এবং বাকি ৬টি বেড অন্যান্য শিশু রোগীদের চিকিৎসায় ব্যবহৃত হবে।

তিনি আরও বলেন, আইসিইউর ওপর চাপ কমাতে বিকল্প ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। সাময়িকভাবে রাজশাহীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের আইসিইউতে ১০টি বেড ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে। এরই মধ্যে রামেক হাসপাতালের আইসিইউ থেকে এক শিশু রোগীকে (নন-মিজেলস) সেখানে স্থানান্ত করা হয়েছে। পর্যায়ক্রমে আরও রোগী স্থানান্তরের প্রক্রিয়া চলছে।

ডা. শংকর কে বিশ্বাস আরও জানিয়েছেন, স্থানান্তরিত রোগীদের চিকিৎসা সেবা রামেকের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট স্টাফদের তত্ত্বাবধানে পরিচালিত হবে। এ ক্ষেত্রে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল কর্তৃপক্ষ সার্বিক সহযোগিতা দেবে।

গতকাল বুধবার দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২২ জন শিশু ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৪ জন। একই সময় হামের উপসর্গ নিয়ে একজন শিশু মারা গেছে। 

বুধবার দুপুর ১২টা পর্যন্ত হাসপাতালে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে ১১৭ জন শিশু। তাদের মধ্যে ১২ জন আইসিইউতে ভর্তি রয়েছে।