শিরোনাম

রাজশাহী, ১ এপ্রিল, ২০২৬ (বাসস) : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকের প্রচেষ্টায় দেশে প্রায় সাড়ে ৯৭ কোটি টাকার ওষুধ অনুদান হিসেবে এসেছে। মোট তিনটি চালানে ৯৭ কোটি ৪৮ লাখ টাকার ওষুধ এসেছে। এবার এসেছে ৪৪ কোটি ৪৮ লাখ টাকার ওষুধ।
রামেক হাসপাতাল মেডিসিন বিভাগের প্রধান আজিজুল হক আজাদের প্রচেষ্টায় এসব ওষুধ দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা ‘ডিরেক্ট রিলিফ’। ওষুধগুলো হাসপাতালে ভর্তি দরিদ্র রোগীদের দেওয়া হবে।
তিনি গত বছরের নভেম্বরে এই সংস্থা থেকে বাতের রোগীদের জন্য প্রায় ৩৬ কোটি টাকার ইনজেকশন আনেন। তার আগে আগস্টে আনেন প্রায় ১৭ কোটি টাকার সারঞ্জাম।
মোট তিন চালানে পাওয়া ওষুধগুলোর দাম ৭৯ লাখ ৪৫ হাজার ডলার; যা বাংলাদেশি মুদ্রায় ৯৭ কোটি ৪৮ লাখ টাকা। ডিরেক্ট রিলিফ একটি আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা। তাদের প্রধান কাজ হলো বিশ্বের বিভিন্ন দেশে জরুরি স্বাস্থ্যসেবা ও চিকিৎসা সহায়তা পৌঁছে দেওয়া। সংস্থাটি নগদ অর্থ দেওয়ার পরিবর্তে সরাসরি চিকিৎসা সহায়তা দেয়; যাতে অপচয় কম হয় এবং প্রকৃত রোগীরা দ্রুত উপকৃত হয়।
চিকিৎসক ডা. আজিজুল হক আজাদ জানান, সোমবার (৩০ মার্চ) রাতে হাসপাতালের স্টোরে দেড় হাজার বক্স ডুপিলুম্যাব ইনজেকশন ও ১৫০ বক্স সারিলুম্যাব ইনজেকশন এসে পৌঁছেছে। এগুলো রিফ্র্যাক্টরি অ্যাজমা, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি), রিউমাটয়েড আর্থ্রাইটিসসহ নানা রোগে ব্যবহার করা হয়।
ডা. আজাদ বলেন, হাসপাতালে ভর্তি থাকা রোগীদের এগুলো বিনামূল্যে দেওয়া হবে। এমআইএসের র্যাঙ্কিং অনুযায়ী, রামেক হাসপাতাল গত আড়াই বছর ধরে দেশের সেরা হাসপাতাল। এই হাসপাতালকে সেন্টার অব এক্সিলেন্স বানানোর জন্য তাদের চেষ্টা সব সময় থাকবে।