বাসস
  ২৯ মার্চ ২০২৬, ১৭:৪৮

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ৪১

ঢাকা, ২৯ মার্চ, ২০২৬ (বাসস) : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১ জন। তবে এই সময়ে এই রোগে কেউ মারা যাননি।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিন জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে দুই জন, দক্ষিণ সিটি করপোরেশনে দুই জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) চার জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিন জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিন জন ও রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুই জন রয়েছেন। 
এই সময়ে ৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এই নিয়ে চলতি বছর এখন পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৭১৫ জন। 

চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে ৬২ দশমিক ৭ শতাংশ পুরুষ ও ৩৭ দশমিক ৩ শতাংশ নারী। 

এই বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চার জনের মৃত্যু হয়েছে।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং এই রোগে আক্রান্ত হয়ে মোট ৪১৩ জনের মৃত্যু হয়। 

২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয় ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং এই রোগে আক্রান্ত হয়ে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়।