বাসস
  ১৭ মার্চ ২০২৬, ১৭:৫৮

বিএমইউয়ে স্ট্রোক ইন্টারভেনশন প্রশিক্ষণের জন্য ইউনিভার্সিটি অব ডান্ডির স্বীকৃতি অর্জন 

ঢাকা, ১৭ মার্চ, ২০২৬ (বাসস) : বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এন্ডোভাসকুলার স্ট্রোক ট্রিটমেন্ট (ইভিটি) এবং ক্যারোটিড আর্টারি স্টেন্টিং (সিএএস) প্রতিষ্ঠার জন্য প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ওয়ার্ল্ড ফেডারেশন ফর ইন্টারভেনশনাল স্ট্রোক ট্রিটমেন্ট (ডব্লিউআইএসট)-এর যোগ্যতা অর্জন করেছে।

স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অব ডান্ডির ইমেজ গাইডেড থেরাপি রিসার্চ ফ্যাসিলিটি (আইজিটিআরএফ)-এর পরিচালক অধ্যাপক আইরিস কিউ. গ্রুনওয়াল্ড ২০২৬ সালের ১৩ মার্চ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে পাঠানো এক ইমেইলে এ তথ্য জানান। 

এই স্বীকৃতি যৌথভাবে ডব্লিউআইএসটি এবং ইউনিভার্সিটি অব ডান্ডির আইজিটিআরএফ প্রদান করেছে।

এই স্বীকৃতি ২০২৫ সালের নভেম্বর মাসে অধ্যাপক আইরিস কিউ. গ্রুনওয়াল্ড এবং ডা. পল গাইলার এর বিএমইউ এর সুপার স্পেশালাইজড হাসপাতালের ক্যাথ ল্যাব পরিদর্শনের ভিত্তিতে প্রদান করা হয়েছে। ইউনিভার্সিটি অব ডান্ডি ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে বিএমইউ -এর ৬ জন অংশগ্রহণকারীর জন্য ৯ দিনের প্রশিক্ষণের ব্যবস্থা করবে। পুরো স্বীকৃতি প্রক্রিয়াটি লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমিন ইসলাম সমন্বয় করছেন।