বাসস
  ১৪ মার্চ ২০২৬, ১৬:৪০

ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে  পরিচ্ছন্নতা অভিযান

ছবি : বাসস

রাঙ্গামাটি,১৪ মার্চ ২০২৬(বাসস): ডেঙ্গু প্রতিরোধ দিবস ২০২৬ উপলক্ষে জেলায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে ও পৌরসভার সহযোগিতায় আজ শনিবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন  জেলা প্রশাসক নাজমা আশরাফী।

রাঙ্গামাটি  পৌরসভা  প্রশাসক মো. মোবারক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. রুহুল আমীন, জেলা সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. জসীম উদ্দিন চৌধুরী প্রমুখ।

সভায় ডেঙ্গু প্রতিরোধে সরকারী নির্দেশনা পালনের পাশাপাশি রাঙ্গামাটি শহরকে পরিস্কার পরিচ্ছন্ন রাখাসহ এ বিষয়ে স্ব-স্ব এলাকার জনসাধারনকে সচেতন করতে সকলকে আহ্বান জানানো হয়।

আলোচনা সভার আগে ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে সচেতনতামুলক র‌্যালি অনুষ্ঠিত হয়।

সভা শেষে পৌরসভার পক্ষ থেকে শহরে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও  জনসচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়।