বাসস
  ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৪৩

ঢাবি কলা অনুষদের শিক্ষকদের জন্য ২ দিনব্যাপী মেডিকেল ক্যাম্প

সোমবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মোফাজ্জল হায়দার চৌধুরী কনফারেন্স রুমে কলা অনুষদের উদ্যোগে দু’দিনব্যাপী মেডিকেল ক্যাম্প শুরু হয়েছে। ছবি : বাসস

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা অনুষদের উদ্যোগে দু’দিনব্যাপী মেডিকেল ক্যাম্প শুরু হয়েছে।

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মোফাজ্জল হায়দার চৌধুরী কনফারেন্স রুমে এ মেডিকেল ক্যাম্প শুরু হয়।

পপুলার ডায়াগনস্টিক সেন্টার এই কর্মসূচিতে সার্বিকভাবে সহযোগিতা করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী পৃথক পৃথকভাবে মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন।

এ সময় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, সাবেক ডিন অধ্যাপক ড. সদরুল আমিন, মেডিকেল ক্যাম্পের সমন্বয়কারী অধ্যাপক এম এ কাউসারসহ অনুষদের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দু’দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী দিনে কলা অনুষদভুক্ত বিভাগসমূহের শিক্ষকদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। আগামীকাল সমাপনী দিনে বিশেষজ্ঞ চিকিৎসকগণ স্বাস্থ্য বিষয়ে শিক্ষকদের পরামর্শ ও ব্যবস্থাপত্র প্রদান করবেন।