বাসস
  ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:২২

ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি ও আইসিডিডিআরবির মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি (এনআইবি) এবং আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআরবি’র মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

আজ রোববার সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এনআইবি’র মহাপরিচালক প্রফেসর ড. সগীর আহমেদ এবং আইসিডিডিআরবি’র নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন বলেন, আইসিডিডিআরবি একটি স্বনামধন্য গবেষণা প্রতিষ্ঠান। এ চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে উচ্চতর গবেষণা, জ্ঞান বিনিময় ও চিকিৎসাসেবার নতুন দিগন্ত উন্মোচিত হবে, যা জনগণের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্মসচিব এবং উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চুক্তি অনুযায়ী এ সহযোগিতা আগামী তিন বছর কার্যকর থাকবে। পক্ষগুলোর সম্মতিক্রমে চুক্তির মেয়াদ বাড়ানো যাবে বলে সমঝোতা স্মারকে উল্লেখ করা হয়েছে।