বাসস
  ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৬

আগামীকাল বিশ্ব ক্যান্সার দিবস

ঢাকা, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : আগামীকাল বিশ্ব ক্যামন্সার দিবস। প্রতিবছর ৪ ফেব্রুয়ারি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

এই দিনটি ইউনিয়ন ফর ইন্টারন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল নামক একটি বেসরকারি সংস্থার নেতৃত্বে উদযাপন করা হয়, যা পূর্বে ক্যান্সারের বিরুদ্ধে আন্তর্জাতিক ইউনিয়ন নামে পরিচিত ছিল। এই সংস্থার সদর দপ্তর জেনেভায় অবস্থিত, যার ১৭০টিরও বেশি দেশে প্রায় ২ হাজার সদস্য রয়েছে। 

দিনটি প্রথম শুরু হয়েছিল ২০০০ সালে। ২০০০ সালে প্যারিসে ক্যান্সারের বিরুদ্ধে বিশ্ব সম্মেলনের আয়োজন করা হয়। ইউনিয়ন ফর ইন্টারন্যাশনল ক্যান্সার কন্ট্রোল (ইউআইসিসি) এমন একটি সংস্থা যা প্রাথমিক পর্যায় ক্যান্সার শনাক্ত করতে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করে। সংস্থাটি ২০০৮ সালে প্রথম এই দিবস পালন শুরু করে।

দিবসটি  উদযাপনের উদ্দেশ্য হল মারাত্মক ও প্রাণঘাতী এই রোগ সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং এই রোগে আক্রান্ত রোগীদের সাহায্য করার জন্য মানুষকে উৎসাহিত করা।

গ্লোবাল ক্যান্সার অবজারভেটরি- এর তথ্য অনুযায়ী, বাংলাদেশে ২০২২ সালে ক্যানসারে ১ লাখ ১৬ হাজার ৫৯৮ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ক্যানসারে আক্রান্ত হয়েছে ১ লাখ ৬৭ হাজার ২৫৬ জন।
 
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, বিশ্বে প্রতিবছর ৮২ লাখ মানুষ ক্যান্সারে মৃত্যুবরণ করে। বিশেষ করে সাড়ে ১০ কোটি মহিলা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হন। তবে তামাক ব্যবহার পরিহারের মাধ্যমে ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ক্যানসারে মৃত্যু প্রতিরোধ করা সম্ভব।

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ২০২৫ সালের গবেষণা অনুযায়ী, বাংলাদেশে ক্যানসারে আক্রান্ত প্রায় অর্ধেক (৪৬%) রোগীর মধ্যে তামাক ব্যবহারের সম্পৃক্ততা পাওয়া গেছে।