বাসস
  ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:০৩
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:০৬

বিএমইউতে অনলাইন টিকেটে চিকিৎসাসেবা নিয়েছেন ২৩৫৫ জন 

ঢাকা, ১ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) বহির্বিভাগে আজ (রোববার) অনলাইন টিকেটের মাধ্যমে ২৩৫৫ জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। হাসপাতালটির বহির্বিভাগ ১ ও ২ এ এই চিকিৎসাসেবা নেন রোগীরা।

সকালে এই কার্যক্রম পরিদর্শন করেন বিএমইউর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান, পরিচালক (আইসিটি সেল) অধ্যাপক ডা. এ কে এম আখতারুজ্জামান প্রমুখ।

বিএমইউর ওয়েবসাইট থেকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডিজিটাল পেমেন্ট পদ্ধতিতে টিকেটের মূল্য পরিশোধ করে এই সুবিধা পাচ্ছেন রোগীরা। এতে তাদেরকে লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘণ্টা দুর্ভোগ সহ্য করে বহির্বিভাগের টিকেট কেনার প্রয়োজন পড়ছে না। দিন দিন এই পদ্ধতি জনপ্রিয় হয়ে উঠছে।