শিরোনাম

শরীয়তপুর, ১৪ আগস্ট ২০২৬ (বাসস) : জাতীয় ঐক্যের প্রতীক সাম্যের কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য পাঠ প্রতিযোগিতা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ জেলায় অনুষ্ঠিত হয়েছে।
শরীয়তপুর জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় জেলা প্রশাসন ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট যৌথভাবে জেলা পরিষদ মিলনায়তনে আজ এ অনুষ্ঠান আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক, কবি ও কথাসাহিত্যিক মোঃ লতিফুর রহমান শিবলী।
জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া ইসলাম সীমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার আবু সিয়াম। আলোচনায় অংশ নেন, শরীয়তপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক এবং শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সরদার ।
সভায় আলোচকরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্মের উপর আলোকপাত করে বলেন, বাংলা সাহিত্যের আলোকবর্তিকা কবি নজরুল। তিনি তাঁর লেখনীর মাধ্যমে বাংলা সাহিত্যেকে ঋদ্ধ করেছেন। বাংলা সাহিত্যে তার অবদান অনস্বীকার্য।
তারা বলেন, আমাদের জাতীয় জীবনের সর্বত্র কবি নজরুলের চেতনা আমাদের জাগরণের পথ দেখাবে। প্রেমের কবি, সাম্যের কবি, মানবতার কবি নজরুলের রচিত সাহিত্য চর্চা অব্যাহত রাখতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা কালচারাল অফিসার মোঃ আল মামুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাপ্তাহিক শরীয়তপুর পত্রিকার আইটি ইনচার্জ জান্নাতুল ফেরদৌস নীলা।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কবি নজরুলের সাহিত্যপাঠ প্রতিযোগিতায় অংশ নেন। সব শেষে শরীয়তপুর শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশগ্রহণে নজরুল গীতি পরিবেশিত হয়।