বাসস
  ১০ আগস্ট ২০২৬, ২১:৩৪

‘দ্য অডিসি’কে ঘিরে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান ক্যাসপারস্কির

ঢাকা, ১০ আগস্ট ২০২৬ (বাসস): ক্রিস্টোফার নোলানের ‘দ্য অডিসি’ চলচ্চিত্রকে ঘিরে অনলাইন প্রতারণা বেড়ে যাওয়ায় ব্যবহারকারীদের ওয়েবসাইটের সত্যতা ও ইউআরএল যাচাই, অনুমোদিত স্ট্রিমিং সেবা ব্যবহার এবং প্রিপেইড কার্ড বা নির্দিষ্ট পেমেন্ট সেবার মাধ্যমে অর্থ পরিশোধের তথ্য সুরক্ষিত রাখার পরামর্শ দিয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দ্য অডিসি’ দেখার কথিত বিনামূল্যে সুযোগ দেওয়ার নামে প্রতারকরা ভুয়া ওয়েবসাইট তৈরি করছে। ব্যাপক দর্শক আকৃষ্ট করতে এসব সাইটে বিভিন্ন ভাষায় ডাব করা সংস্করণও রাখা হচ্ছে। এতে আরও বলা হয়, ওয়েবসাইটগুলোকে বিশ্বাসযোগ্য হিসেবে উপস্থাপন করতে ভুয়া রিভিউ ও রেটিং ব্যবহার করা হচ্ছে।

ব্যবহারকারীরা চলচ্চিত্রটি দেখার চেষ্টা করলে একটি ভুয়া ভিডিও প্লেয়ার ‘বিনামূল্যে দেখা চালিয়ে যেতে’ নিবন্ধনের অনুরোধ জানায়। নিবন্ধন প্রক্রিয়ায় ই-মেইল ঠিকানা ও নামের মতো ব্যক্তিগত তথ্য চাওয়া হয়। পরে ‘ফ্রি ট্রায়াল’ চালুর অজুহাতে ব্যবহারকারীকে পাসওয়ার্ড তৈরি এবং ব্যাংকিং তথ্য দেওয়ার জন্যও বলা হতে পারে।

এর ফলে ভুক্তভোগীদের ব্যক্তিগত তথ্য ও পাসওয়ার্ড চুরির ঝুঁকি তৈরি হয়, বিশেষ করে একই পাসওয়ার্ড একাধিক সেবায় ব্যবহার করা হলে। পাশাপাশি এতে আর্থিক ক্ষতিরও আশঙ্কা রয়েছে। একই ধরনের প্রতারণার কৌশল ব্যবহার করে বিভিন্ন ভাষায় একাধিক ভুয়া ওয়েবসাইট তৈরি করা হচ্ছে।

ক্যাসপারস্কির সিনিয়র ওয়েব কনটেন্ট অ্যানালিস্ট ওলগা আলতুখোভা বলেন, ‘দ্য অডিসি’র মতো বহুল আলোচিত চলচ্চিত্রের প্রিমিয়ারকে কেন্দ্র করে প্রতারকরা প্রায়ই অর্থ উপার্জনের চেষ্টা করে। বড় ধরনের নতুন সিনেমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করা দর্শকদের উৎসাহ ও আগ্রহকে তারা কাজে লাগায়।

তিনি বলেন, ‘বিশেষ করে কোনো সিনেমা সদ্য মুক্তি পাওয়ার পরও যখন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে, তখন সেটি হঠাৎ কোনো অপরিচিত বা সন্দেহজনক প্ল্যাটফর্মে দেখা গেলে ব্যবহারকারীদের অত্যন্ত সতর্ক থাকা উচিত।’

তিনি আরও বলেন, ‘ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে এবং সম্ভাব্য আর্থিক ক্ষতি এড়াতে আমরা সবাইকে কেবল অনুমোদিত সেবার মাধ্যমে কনটেন্ট দেখার জন্য জোরালোভাবে উৎসাহিত করছি। এমন কিছুও এড়িয়ে চলতে হবে, যা শেষ পর্যন্ত ট্রোজান হর্সে পরিণত হতে পারে।’

ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’ ২০২৬ সালের আন্তর্জাতিকভাবে সবচেয়ে প্রত্যাশিত সিনেমাগুলোর একটি হয়ে উঠেছে। সিনেমাটির মুক্তিকে ঘিরে ব্যাপক আগ্রহের সুযোগ নিয়ে সাইবার অপরাধীরা সিনেমা-সম্পর্কিত প্রতারণার পরিমাণ বাড়িয়ে দিয়েছে।