শিরোনাম

ঢাকা, ২১ জুলাই, ২০২৬ (বাসস) : লাইভ টেলিভিশন সাক্ষাৎকার চলাকালে আচরণে বিরক্ত হয়ে একটি কুকুরকে ধমক দিয়ে আলোচনায় এসেছেন অস্ট্রেলিয়ার কট্টর ডানপন্থী দল ওয়ান নেশনের শীর্ষ নেতা ও সাবেক উপপ্রধানমন্ত্রী বার্নাবি জয়েস।
সোমবার রাতে জাতীয় সম্প্রচারমাধ্যম এবিসিতে সাক্ষাৎকার দিচ্ছিলেন জয়েস। একপর্যায়ে একান্ত সাক্ষাৎকারের মাঝেই তিনি হঠাৎ চিৎকার করে বলেন, ‘বসে পড়ো!’
খবর বার্তা সংস্থা এএফপি’র।
এরপর সাংবাদিককে তিনি বলেন, ‘দুঃখিত, এটা কুকুরের জন্য বলেছি।’
পরে কুকুরটি আবারও সাক্ষাৎকারে বিঘ্ন ঘটালে জয়েস বলেন, ‘এই কুকুরটির জন্য আমি দুঃখিত, এটি উৎপাত শুরু করেছে।’
সাংবাদিক সারাহ ফার্গুসন তখন বলেন, ‘কুকুর নিয়ে চিন্তা করবেন না, শুধু প্রশ্নের উত্তর দিন।’
তিনি ওই সময় জয়েসকে তার দলের নেতা পলিন হ্যানসনের সম্প্রতি ব্রিটেনের কট্টর ডানপন্থী ব্যক্তিত্ব টমি রবিনসনের সঙ্গে বৈঠক নিয়ে প্রশ্ন করছিলেন।
জয়েস পাল্টা বলেন, ‘অভদ্র আচরণ করবেন না। তা না হলে এই সাক্ষাৎকার এখানেই শেষ হয়ে যাবে, সারাহ।’
এর আগেও এই গবাদিপশু খামারি রাজনীতিক প্রাণী নিয়ে বিতর্কে জড়িয়েছেন। একবার তিনি হলিউড অভিনেতা জনি ডেপের কুকুর হত্যার হুমকি দিয়েছিলেন।
জনমত জরিপে দেখা গেছে, কয়েক দশক ধরে হ্যানসনের নেতৃত্বে থাকা প্রান্তিক রাজনৈতিক দল ওয়ান নেশন সাম্প্রতিক মাসগুলোতে অস্ট্রেলিয়ার সবচেয়ে জনপ্রিয় দল হিসেবে উঠে এসেছে।
হ্যানসন সাবেক ফুটবল উচ্ছৃঙ্খল সমর্থক থেকে ইসলামবিরোধী কর্মীতে পরিণত হওয়া ব্রিটিশ কট্টর ডানপন্থী ব্যক্তিত্ব টমি রবিনসনের সঙ্গে একটি পডকাস্টে (ইন্টারনেটের মাধ্যমে প্রকাশিত অডিও বা ভিডিও অনুষ্ঠান) অংশ নেওয়ার সিদ্ধান্তের পক্ষে সাফাই দিয়েছেন।