শিরোনাম

ঢাকা, ১০ জুন, ২০২৬ (বাসস) : মরমী সাধক উকিল মুন্সীর ১৪১তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামীকাল বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে তার জীবন ও কর্ম নিয়ে আলোচনা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। সন্ধ্যা ছয়টায় শিল্পকলা একাডেমির সেমিনার রুমে আয়োজিত এ অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত থাকবে।
নির্মাণ প্রতিষ্ঠান ‘সিনেহাট’ ও ‘মোশন বাংলা’র আয়োজনে অনুষ্ঠানটির মূল আকর্ষণ বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রযোজিত সাধক উকিল মুন্সীর জীবনভিত্তিক প্রামাণ্যচিত্র ‘একতারার ইমাম’। চলচ্চিত্রটি রচনা ও পরিচালনা করেছেন গবেষক ও চলচ্চিত্র নির্মাতা অনার্য মুর্শিদ।
নেত্রকোণার বেতাই নদীর পাড়ের সাধক উকিল মুন্সী একাধারে মসজিদের ইমামতি করেছেন, আবার কৃষ্ণভজন ও মরমী গানও রচনা করেছেন। ‘আষাঢ় মাইস্যা ভাসা পানি’, ‘অপরাধী হইলেও আমি বন্ধু তর’, ‘আমার গায়ে যত দুঃখ সয়’- এর মতো কালজয়ী গানের স্রষ্টা উকিল মুন্সী।
প্রামাণ্যচিত্রটি উৎসর্গ করা হয়েছে এর তিনজন গুরুত্বপূর্ণ অংশগ্রহণকারীকে— গবেষক ও প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার, উকিল মুন্সীর গানের প্রধান সংগ্রাহক আবু হান্নান এবং উকিল মুন্সীর পুত্রবধূ ফুলবানুকে। তারা তিনজনই প্রামাণ্যচিত্রটির চূড়ান্ত সম্পাদনার কাজ সম্পন্ন হওয়ার আগে পরলোক গমন করেন।