বাসস
  ১২ জানুয়ারি ২০২৬, ২১:১৬

শিল্পকলায় নবীন শিল্পী চারুকলা প্রদর্শনীর মূল্যায়ন সভা অনুষ্ঠিত

ঢাকা, ১২ জানুয়ারি, ২০২৬ (বাসস): বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত “নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী” বিষয়ক এক মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

নবীন শিল্পী চারুকলা প্রদর্শনীর মানোন্নয়ন, সমসাময়িক প্রাসঙ্গিকতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ আয়োজনসমূহকে আরো সমৃদ্ধ ও কার্যকর করার লক্ষ্যে একাডেমির জাতীয় নাট্যশালা ভবনের সেমিনার কক্ষে আজ এ মূল্যায়ন সভা আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)।

আলোচনায় অংশগ্রহণ করে নবীন শিল্পীদের শিল্পকর্ম সম্পর্কে মূল্যায়নপর্বূক বক্তৃতা করেন শিল্পী অধ্যাপক ড. আব্দুস সাত্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক শিল্পী রেজা আসাদ আল হুদা অনুপম, চিত্রশিল্পী আনিসুজ্জামান সোহেল ও ভাস্কর মাহবুব জামাল শামীম।

এতে স্বাগত বক্তৃতা করেন চারুকলা বিভাগের পরিচালক আব্দুল হালিম চঞ্চল।

একাডেমির মহাপরিচালক বলেন, “আমরা প্রদর্শনী শেষে সিদ্ধান্ত নিয়েছিলাম যে, প্রদর্শনী সম্পর্কে আমাদের একটা মূলায়ন সভা করা প্রয়োজন। শিল্পী এবং অংশগ্রহণকারী নবীন শিল্পীদের কাছ থেকে আমরা ফিডব্যাক নিবো, আমাদের ভবিষ্যতে কি করা উচিত সে সম্পর্কে সবাই কিছু বলবেন।

তিনি বলেন, এছাড়াও আমরা ঘোষণা দিয়েছিলাম যে, প্রতিবছর এই প্রদর্শনীটি করতে চাই এবং আমাদের যে পুরস্কারের মান সেটাও আমরা বাড়িয়ে দিতে চাই। এছাড়াও  চাই যে, শিল্পীরা আরো সাবলম্বী হউক, আনন্দ-উৎসাহের সাথে শিল্পকর্ম-ক্যানভাস তৈরি করুক, ছবি আঁকুক, ক্যানভাসের বাইরেও ছবি আঁকুক।

তিনি আরো বলেন, তাঁদের যেন ভিনসেন্ট ভ্যান গগের মতো জীবদ্দশায় কষ্ট করতে না হয়। ভ্যান গগের মৃত্যুর পর তাঁর একেকটি চিত্রকর্ম মহামূল্যবান হয়েছে। আমাদের একটা বাজেটের সমান একেকটা ছবির মূল্য। 

আমরা মনে করি একসময় হয়তো আমাদের দেশের কোনো একজন শিল্পীর ছবিও অসম্ভব দামে বিক্রি হবে।