বাসস
  ২১ নভেম্বর ২০২২, ১৫:৪৮

পোল্যান্ড-মেক্সিকো দুই দলেরই লক্ষ্য নক আউট পর্ব

দোহা, ২১ নভেম্বর ২০২২ (বাসস) : বিশ^কাপে খেলার সমৃদ্ধ অভিজ্ঞতা সম্পন্ন মেক্সিকোর বিপক্ষে ম্যাচ দিয়ে কাতারের যাত্রা শুরু করতে যাচ্ছে পোল্যান্ড। শুরু থেকেই নিজেদের সেরাটা দিয়ে নক-আউট পর্ব নিশ্চিত করা যেখানে পোল্যান্ডের লক্ষ্য সেখানে মেক্সিকোর মূল লক্ষ্যই হলো ভাল খেলা উপহার দেয়া। 
এনিয়ে টানা অষ্টম বিশ^কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে মেক্সিকো। এর মধ্যে গত সাতটি আসরেই শেষ ১৬’ থেকে তাদের বিদায় নিতে হয়েছে। আর্জেন্টিনার সাবেক বস ও খেলোয়াড় জেরার্ডো মার্টিনোর লক্ষ্য এবার সেই ধারা ভেঙ্গে আরো একটু এগিয়ে যাওয়া। ২০১৯ সালের জানুয়ারি থেকে এল ট্রাইদের দায়িত্বে আছেন মার্টিনো। ৬০ বছর বয়সী মার্টিনো ২০১৪ সালে আর্জেন্টিনার দায়িত্ব নেবার আগে এক মৌসুমে বার্সেলোনার সাথে কাটিয়েছেন। ২০১৯ সালে ফাইনালে তার অধীনে যুক্তরাষ্ট্রকে পরাজিত করে অষ্টম গোল্ড কাপ শিরোপা জয় করে মেক্সিকো । দুই বছর পরে মেক্সিকোকে হারিয়ে মধুর প্রতিশোধ নিয়েছিল যুক্তরাষ্ট্র। কনকাকাফ অঞ্চলের বাছাইপর্বের শেষ দিনে এল সালভাদোরকে ২-০ গোলে হারিয়ে মেক্সিকো কানাডার সাথে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে বিশ^কাপের প্লে-অফ খেলার সুযোগ পেয়েছিল। বাছাইপর্বে তারা কোস্টা রিকাকে তিন পয়েন্টের ব্যবধানে পিছনে ফেলে। 
১৯৮৬ সালে ঘরের মাঠের বিশ^কাপের পর প্রথমবারের মত শেষ আটে জায়গা করে নেবার একটি স্বপ্ন এখনো অধরাই রয়ে গেছে মেক্সিকোর। পোল্যান্ডের বিপক্ষে তাই গ্রুপের প্রথম ম্যাচটা এগিয়ে যাবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। 
এদিকে পোল্যান্ডও ৮৬’ মেক্সিকো বিশ^কাপের পর গ্রুপ পর্বের বাঁধা পেরুতে পারেনি। গ্রুপ-সি’র ফেবারিট আর্জেন্টিনার পর অন্তত দ্বিতীয় স্থানটা নিশ্চিত করতে চায় পোলিশরা। গত তিনটি ২০০২, ২০০৬ ও ২০১৮ বিশ^কাপে গ্রুপ পর্বেই হোঁচট খেয়েছিল পোল্যান্ড। প্রতি আসরেই একটি ম্যাচে জয় ও দুটিতে পরাজিত হয়ে বিদায় নিতে হয়। এর আগে ১৯৭৪ ও ১৯৮২ সালে তৃতীয় স্থানে থেকে বিশ^কাপ শেষ করা ছিল এ পর্যন্ত পোল্যান্ডের সেরা অর্জন। 
লেগিয়া ওয়াস’র সাবেক বস সিজেল মিশিনিউইজ এ বছরের শুরুতে জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পান। প্লেÑঅফে সুইডেনকে ২-০ গোলে হারিয়ে কাতারের টিকিট পাবার পর মিশিনিউইজ রাতারাতি পোল্যান্ডের জাতীয় নায়কে পরিনত হন। 
দলের লিজেন্ড ফরোয়ার্ড রবার্ট লিওয়ানদোস্কির ভাল পারফরমেন্সের উপর অনেক কিছুই নির্ভর করছে। বড় টুর্নামেন্টে ভাল একটি ফলাফলের আশায় সবাই  তাকিয়ে আছে লেভার দিকে। চার বছর আগে গ্রুপ পর্বের একটি ম্যাচেও গোল করতে না পারা লিওয়ানদোস্কি বিশ^কাপের প্রথম গোলের সন্ধানে রয়েছেন। ৩৪ বছর বয়সী এই তারকা স্ট্রাইকার গোলখরা কাটানোর জন্য বদ্ধপরিকর। মেক্সিকোর বিপক্ষে প্রথম ম্যাচেই তিনি লক্ষ্যপূরণ করতে চান। এই ম্যাচে জয়ী হয়ে বিশ^কাপের শুরুটাও ভাল করাই এখন পোল্যান্ডের সামনে মূল চ্যালেঞ্জ। 
মেক্সিকোর হয়ে ২৯ গোল করা তারকা স্ট্রাইকার রাউল জিমেনেজ প্রায় তিন মাস পরে সুইডেনের বিপক্ষে বুধবারের প্রীতি ম্যাচটিতে বদলী হিসেবে মাঠে নেমেছিলেন। ৩১ বছর বয়সী জিমিনেজ আগস্টে উল্ফসের হয়ে খেলতে গিয়ে উরুর ইনজুরিতে পড়েন। কালকের ম্যাচে জিমিনেজ যদি বদলী বেঞ্চে থাকেন তবে মূল একাদশে খেলতে প্রস্তুত হেনরি মার্টিন। এদিকে গোঁড়ালির ইনজুরির কারনে বিশ^কাপ থেকেই ছিটকে গেছেন জেসুস করোনা। 
পোল্যান্ড দল থেকেও ইনজুরির কারনে বাদ পড়েছেন বারতোমিয়ে ড্রাগোভস্কি, জাসেক গোরালাস্কি ও এ্যাডাম বুকসা।