শিরোনাম

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : ‘জেড’ শ্রেণির কোম্পানির উদ্যোক্তা বা পরিচালকের শেয়ার হস্তান্তরসহ কয়েকটি ক্ষেত্রে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পূর্বানুমোদনের প্রয়োজন হবে না।
কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে আজ কমিশনের ১০৯তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় বিএসইসি/সিএমআরআরসিডি/২০০৯-১৯৩/৭৭ নম্বর নির্দেশনার প্রাসঙ্গিক বিধান সংশোধনের সিদ্ধান্ত অনুযায়ী, ‘জেড’ শ্রেণির কোম্পানির কোনো উদ্যোক্তা বা পরিচালকের শেয়ার হস্তান্তর, ঋণখেলাপির কারণে শেয়ার বাজেয়াপ্ত এবং শেয়ারহোল্ডারের মৃত্যুর ক্ষেত্রে শেয়ার হস্তান্তরের জন্য কমিশনের পূর্বানুমোদন নিতে হবে না।
এদিকে, তালিকাভুক্ত কোম্পানির বিদেশি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ পাঠানোর বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অনুমোদন পাওয়ার ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট অর্থবছরের বিদেশি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ পাঠাতে হবে।
একই সঙ্গে স্থানীয় শেয়ারহোল্ডারদের মধ্যে লভ্যাংশ বিতরণ শেষ হওয়ার পর প্রাথমিক লভ্যাংশ পরিপালন প্রতিবেদন এবং বিদেশি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ পাঠানোর ৩০ দিনের মধ্যে চূড়ান্ত লভ্যাংশ পরিপালন প্রতিবেদন কমিশন ও সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জে জমা দিতে হবে।
এছাড়াও সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দাখিল করা আর্থিক ডেরিভেটিভস পণ্য চালুর কর্মপরিকল্পনাও অনুমোদন করা হয়েছে। এর আওতায় পণ্য উদ্ভাবন, পদ্ধতি উন্নয়ন, অবকাঠামো তৈরি, ঝুঁকি ব্যবস্থাপনা ও বাজার ব্যবস্থাপনার সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিকভাবে সূচকভিত্তিক ফিউচার পণ্য চালুর মাধ্যমে ডেরিভেটিভস বাজারে লেনদেন শুরু হবে। ২০২৮ সালের জানুয়ারিতে ডিএসইতে আর্থিক ডেরিভেটিভস পণ্যের আনুষ্ঠানিক লেনদেন শুরু করার আশা করা হচ্ছে।