শিরোনাম

ঢাকা, ৩০ আগস্ট, ২০২৬ (বাসস) : হিসাব পেশা ও সমসাময়িক অর্থনৈতিক বিষয়াবলি নিয়ে প্রকাশিত দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) ত্রৈমাসিক সাময়িকী ‘দ্য বাংলাদেশ অ্যাকাউন্ট্যান্ট’ ডিজিটাল প্রকাশনায় রূপান্তরিত হয়েছে।
রোববার জার্নালটির ডিজিটাল সংস্করণ চালু করা হয়। এর মাধ্যমে এটি আরও সহজলভ্য ও ইন্টারঅ্যাক্টিভ হওয়ার পাশাপাশি বৃহত্তর পাঠকগোষ্ঠীর কাছে পৌঁছানোর সুযোগ তৈরি হয়েছে।
আইসিএবি সভাপতি সাব্বীর আহমেদ বলেন, পেশাগত বিষয়ের পাশাপাশি জার্নালটিতে এমন বিষয় তুলে ধরা প্রয়োজন, যা নীতি প্রণয়ন ও দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে। শিক্ষার্থী, শিক্ষক ও পেশাজীবীদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে এটিকে গড়ে তোলার ওপরও তিনি গুরুত্ব দেন।
আইসিএবির স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস, পার্টনারশিপ অ্যান্ড গ্লোবাল কোলাবোরেশন-পিলার ৭-এর প্রধান ও কাউন্সিল সদস্য সুরাইয়া জান্নাত বলেন, জনপ্রত্যাশার প্রতিফলন হিসেবেই জার্নালটি ডিজিটাল রূপ পেয়েছে। ভবিষ্যতে এটিকে আরও ইন্টারঅ্যাক্টিভ করার উদ্যোগ অব্যাহত থাকবে।
তিনি বলেন, ডিজিটাল প্রকাশনায় রূপান্তরের ফলে মুদ্রণ ব্যয় কমবে এবং বৃহত্তর পাঠকগোষ্ঠীর সঙ্গে সংযোগ, পেশাগত জ্ঞান ও মতামতের দৃশ্যমানতা এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে হিসাব পেশার কণ্ঠস্বর আরও শক্তিশালী হবে।
আইসিএবির ভাইস প্রেসিডেন্ট ও এডিটোরিয়াল বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন ‘দ্য বাংলাদেশ অ্যাকাউন্ট্যান্ট’-এর ডিজিটাল প্রকাশকে আইসিএবির যোগাযোগ ও জ্ঞান বিনিময়ের প্ল্যাটফর্মকে শক্তিশালী করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন।