বাসস
  ২৬ এপ্রিল ২০২৬, ১৮:২১

টেকটেক্সটিল ও টেক্সপ্রসেস প্রদর্শনী বাংলাদেশের অবস্থানকে সুদৃঢ় করেছে

ছবি : সংগৃহীত

ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৬ (বাসস) : আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পের অন্যতম প্রধান প্রদর্শনী টেকটেক্সটিল ও টেক্সপ্রসেস ২০২৬ প্রদর্শনীতে ব্যাপক ক্রেতা আগ্রহ, কার্যকর সম্পৃক্ততা ও বৈশ্বিক অঙ্গনে দৃশ্যমানতা বৃদ্ধির মাধ্যমে এ অংশগ্রহণ দেশের জন্য উল্লেখযোগ্য সাফল্য বয়ে এনেছে বাংলাদেশ।

জার্মানির ফ্রাঙ্কফুর্টে ২১ শে এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত চার দিনব্যাপী অনুষ্ঠিত এ মেলায় বিশ্বের ৫৪টি দেশের ১ হাজার ৭০০-এরও বেশি প্রদর্শক অংশগ্রহণ করেন। 

তারা টেক্সটাইল ও গার্মেন্টস প্রসেসিং শিল্পের বহুমুখী উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতি তুলে ধরেন, যা খাতটির ধারাবাহিক রূপান্তর ও প্রবৃদ্ধির ইঙ্গিত দেয়।

প্রদর্শনীতে হাজার হাজার বাণিজ্য দর্শনার্থী, ক্রেতা, শিল্প পেশাজীবী ও নীতি নির্ধারকদের সক্রিয় অংশগ্রহণের ফলে নেটওয়ার্কিং, সোর্সিং ও ভবিষ্যৎ অংশীদারিত্ব গড়ে তোলার ক্ষেত্রে এক নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে।

বাংলাদেশের অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে এম অ্যান্ড এ কম্পোজিট লিমিটেড, ইকো প্যাক বিডি ও টিম ম্যানুফ্যাকচারিং কোম্পানি বস্ত্র, টেকসই উৎপাদন ও আধুনিক শিল্প সমাধানে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরে আন্তর্জাতিক অংশীদারদের কাছ থেকে ইতিবাচক সাড়া পায়।

এ বিষয়ে টিম ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের ডেপুটি ম্যানেজার আবরার হুসেন জানিয়েছেন, প্রদর্শনীটি অত্যন্ত সফল ও ফলপ্রসূ ছিল। আমরা ইউরোপের নতুন প্রযুক্তিগত উন্নয়ন সম্পর্কে ধারণা পেয়েছি এবং সম্ভাবনাময় ক্রেতাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পেরেছি, যা ভবিষ্যৎ ব্যবসা সম্প্রসারণে সহায়ক হবে। 

এছাড়া টেকটেক্সটিল ও টেক্সপ্রসেসে বাংলাদেশের ধারাবাহিক উপস্থিতি ও ইতিবাচক প্রতিক্রিয়া, বৈশ্বিক টেক্সটাইল বাজারে একটি নির্ভরযোগ্য ও প্রতিযোগিতামূলক সোর্সিং গন্তব্য হিসেবে আরও সুদৃঢ় করেছে।