শিরোনাম

ঢাকা, ২১ এপ্রিল, ২০২৬ (বাসস): পরিশোধিত জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহ্বানের সময়সীমা ৪২ দিন থেকে কমিয়ে ১০ দিনে নামিয়ে আনার নীতিগত অনুমোদনের সুপারিশ করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
আজ মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত চলতি বছরের সিসিইএ’র ১১তম বৈঠকে এ সুপারিশ করা হয়।
এই বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সুপারিশ অনুযায়ী, আন্তর্জাতিক দরপত্রে অংশগ্রহণের জন্য বিড প্রস্তুত ও জমা দেওয়ার সময়সীমা পূর্বের ৪২ দিনের পরিবর্তে ১০ দিন নির্ধারণ করা হবে, যা বিদ্যমান ক্রয় প্রক্রিয়ার তুলনায় উল্লেখযোগ্য পরিবর্তন।
নতুন নির্দেশনা অনুযায়ী, দ্রুততর প্রক্রিয়ায় পরিশোধিত জ্বালানি তেল সংগ্রহের দায়িত্ব পালন করবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।
এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক দরপত্রের সময়সীমা কমিয়ে এনে জ্বালানি তেল সংগ্রহ প্রক্রিয়া আরও গতিশীল হবে এবং প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরবরাহ ব্যবস্থায় দ্রুততা আসবে বলে আশা করা হচ্ছে।