বাসস
  ১৯ এপ্রিল ২০২৬, ১৭:২৮

ওয়ান স্টপ সার্ভিস সম্প্রসারণে ৫ বেসরকারি ব্যাংকের সঙ্গে বিডার সমঝোতা

ছবি : বাসস

ঢাকা, ১৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানো ও ব্যবসাবান্ধব পরিবেশ সহজ করতে, অনলাইনে ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) সম্প্রসারণের অংশ হিসেবে পাঁচটি বেসরকারি ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। 

বিডা’র সম্মেলন কক্ষে আয়োজিত এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থাটির নির্বাহী সদস্য এয়ার কমোডর মো. শাহারুল হুদা। 

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি বলেন, বিনিয়োগকারীদের দ্রুত, সহজ ও আধুনিক সেবা নিশ্চিত করতে বিডা ধারাবাহিকভাবে ওএসএস প্ল্যাটফর্মকে শক্তিশালী করছে। 

মো. শাহারুল হুদা বলেন, এরই অংশ হিসেবে পাঁচটি শীর্ষস্থানীয় ব্যাংককে এ প্ল্যাটফর্মে যুক্ত করা হয়েছে, যাতে বিনিয়োগকারীরা এক জায়গা থেকেই প্রয়োজনীয় ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারেন।


চুক্তিবদ্ধ ব্যাংকগুলো হলো— এনসিসি ব্যাংক পিএলসি, ওয়ান ব্যাংক পিএলসি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি, সীমান্ত ব্যাংক পিএলসি ও আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি। 

এই সমঝোতার ফলে এখন থেকে বিনিয়োগকারীরা ওএসএস পোর্টালের মাধ্যমে অনলাইনে ব্যাংক হিসাব খোলা ও বিদেশি বিনিয়োগকারীদের জন্য অস্থায়ী ব্যাংক হিসাব খোলার মতো গুরুত্বপূর্ণ সেবা গ্রহণ করতে পারবেন।

বর্তমানে বিডা’র ওএসএস প্ল্যাটফর্মে ১৪২টি সেবা চালু রয়েছে। এ ব্যবস্থার সঙ্গে বিডাসহ ৪৭টি স্টেকহোল্ডার প্রতিষ্ঠান যুক্ত আছে এবং এখন পর্যন্ত দুই লাখ ১৫ হাজারের বেশি আবেদন নিষ্পত্তি করা হয়েছে। 

নতুন পাঁচটি ব্যাংক যুক্ত হওয়ায় সেবার পরিধি আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

উল্লেখ্য, বিভিন্ন সংস্থার সঙ্গে এখন পর্যন্ত বিডা মোট ৬৮টি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে এবং ভবিষ্যতে ওএসএসের মাধ্যমে ৬০টি প্রতিষ্ঠানের ১৫০টির বেশি সেবা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 

পাশাপাশি সব আইপিএ’র সমন্বয়ে গড়ে ওঠা একক প্ল্যাটফর্ম ‘বাংলা বিজ’-এর মাধ্যমেও এ সব সেবা পাওয়া যাবে।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিডার পরিচালক (ওএসএস ও ডাটা অ্যানালাইটিকস) সুনীল কুমার অধিকারী। 

ওএসএস সিস্টেমের ওপর উপস্থাপনা তুলে ধরেন বিডার মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা রায়।

এ সময় সীমান্ত ব্যাংকের হেড অব বিজনেস মো. শহীদুল ইসলাম, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আদনান মাসুদ, এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. শামসুল আরেফিন, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রাফাত উল্লা খান এবং ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাজী জিয়াউল ইসলাম বক্তব্য দেন। 

এ ছাড়া বাংলাদেশ ব্যাংক-এর অতিরিক্ত পরিচালক মো. শাহীনুজ্জামান ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রতিনিধি অনুষ্ঠানে বক্তব্য রাখেন।