শিরোনাম

ঢাকা, ১৯ এপ্রিল ২০২৬ (বাসস) : রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে প্রেসিডেন্ট পদে ড. মো. আলী আফজাল এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে আব্দুর রাজ্জাক নির্বাচিত হয়েছেন। আজ রিহ্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার দিনব্যাপী শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে রাত ১টার দিকে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা সম্পন্ন করে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করে। ঘোষিত ফলাফলে প্রেসিডেন্ট পদে ড. মো. আলী আফজাল ২৩২ ভোট পেয়ে নির্বাচিত হন। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে আব্দুর রাজ্জাক ২১৬ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে বিজয়ী হন। নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রার্থীদের সক্রিয় অংশগ্রহণ এবং ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো প্রক্রিয়াকে প্রাণবন্ত করে তোলে।
সহসভাপতি-১ পদে মোহাম্মদ আকতার বিশ্বাস ২৫০ ভোট, সহসভাপতি-২ পদে আবু খালিদ মো. বরকতুল্লাহ ২৫৫ ভোট এবং সহ-সভাপতি-৩ পদে এ. এফ. এম উবায়দুল্লাহ ২৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অর্থ বিষয়ক সহসভাপতি পদে ড. মো. হারুন অর রশিদ ২৬২ ভোট পেয়ে জয়ী হন। এছাড়া চট্টগ্রাম অঞ্চলের সহসভাপতি পদে মোহাম্মদ মোরশেদুল হাসান সর্বোচ্চ ৩১৭ ভোট পেয়ে নির্বাচিত হন।
পরিচালক পদে মোহাম্মদ লাবিব বিল্লাহ ৩৩৮ ভোট পেয়ে শীর্ষস্থান অর্জন করেন। একই পদে উম্মে জাহান আরজু ও হাবিবুর রহমান হাবিব সমান ৩০৪ ভোট পেয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করেন।
নির্বাচিত অন্যান্য পরিচালকদের মধ্যে রয়েছেন- এ.জেড.এম. কামরুদ্দিন, ক্যাপ্টেন মো. শাহ আলম, মো. খাজা নাজিবুল্লাহ, শেখ কামাল, মো. এমদাদুল হোসেন সোহেল, ড. এন. জোহা, আলহাজ প্রফেসর মো. ফারুক আহমদ, তাসনোভা মাহবুব সালাম, মো. জহির আহমেদ, মো. জাহিদ হোসেন, ইঞ্জিনিয়ার মো. মোস্তফা কামাল, মো. এমদাদুল হক, মো. মাহবুবুর রহমান, এম ফখরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মঞ্জুরুল ফরহাদ ফিলিপ, সুরুজ সরদার ও আলহাজ গোলাম কিবরিয়া মজুমদার।
চট্টগ্রাম থেকে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন এ এস এম আব্দুল গফফার মিয়াজী ও সারিস্ত বিনতে নুর। এছাড়া রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন নূর মোহাম্মদ, ইঞ্জি. এসকে নাজিম উদ্দিন, সৈয়দ ইরফানুল আলম, আশিস রায় চৌধুরী, হৃষিকেশ চৌধুরী ও এস এম শহিদুল্লাহ।
নির্বাচনে তিনটি প্যানেল অংশ নেয়। এর মধ্যে প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স), ভাইস প্রেসিডেন্ট-২ ও ভাইস প্রেসিডেন্ট-৩সহ মোট ১৫টি পদে জয়লাভ করে। অপরদিকে আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ ভাইস প্রেসিডেন্ট-১, ভাইস প্রেসিডেন্ট (চট্টগ্রাম) এবং ১২টি পরিচালক পদসহ মোট ১৪টি পদে জয়ী হয়। জাগরণ প্যানেল কোনো পদে জয়লাভ করতে পারেনি।
নবনির্বাচিত নেতৃত্ব আবাসন খাতের ডেভেলপার, ক্রেতা, বিনিয়োগকারী এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন। তারা মনে করেন, ঐক্যবদ্ধ উদ্যোগের মাধ্যমে নীতিগত জটিলতা, উচ্চ নিবন্ধন ব্যয়, ব্যাংক ঋণের সীমাবদ্ধতা এবং অনুমোদন প্রক্রিয়ার ধীরগতিসহ বিভিন্ন সমস্যার বাস্তবসম্মত সমাধান সম্ভব হবে।
সংশ্লিষ্টদের মতে, নতুন কমিটি ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি, বিনিয়োগ বৃদ্ধি, আধুনিক নগরায়ন নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী আবাসন সুবিধা সম্প্রসারণে কার্যকর ভূমিকা রাখবে। এর ফলে আবাসন খাতে নতুন গতি সঞ্চার হবে এবং দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।