শিরোনাম

ঢাকা, ১৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইরানের ঘোষণার পর বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ অনেকটা কমে গেছে। এর ইতিবাচক প্রভাবে শুক্রবার যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার ওয়াল স্ট্রিটের প্রধান সূচকগুলো বেড়ে নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।
নিউইয়র্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
বাজারের সার্বিক সূচক ‘এস অ্যান্ড পি ৫০০’ ১.২ শতাংশ বেড়ে ৭,১২৬.০৭ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে প্রযুক্তি খাতের প্রধান সূচক ‘নাসডাক কম্পোজিট’ ১.৫ শতাংশ লাফিয়ে পৌঁছেছে ২৪,৪৬৮.৪৮ পয়েন্টে। টানা তিন দিন ধরে এই দুই সূচকই রেকর্ড উচ্চতায় থেকেছে।
এছাড়া ব্লু-চিপ কোম্পানিগুলোর সূচক ‘ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ’ ১.৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৯,৪৪৭.৯২ পয়েন্টে।
মূলত জ্বালানি তেলের দাম কমে আসায় বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরেছে, যার প্রতিফলন দেখা গেছে শেয়ারবাজারের এই বড় উত্থানে।