বাসস
  ১৮ এপ্রিল ২০২৬, ১৪:৪৫

বৈশ্বিক চাপ মোকাবিলায় এমডিবি প্রধানদের নিবিড় সহযোগিতার ওপর গুরুত্বারোপ

শুক্রবার বিশ্বব্যাংক গ্রুপ ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) স্প্রিং মিটিং-এর ফাঁকে এমডিবি প্রধানরা এক বৈঠকে মিলিত হন। ছবি : সংগৃহীত

ঢাকা, ১৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিসহ ক্রমবর্ধমান বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে মাল্টিলেটারাল ডেভেলপমেন্ট ব্যাংকস্ (এমডিবি) প্রধানরা নিবিড় সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছেন। স্থিতিশীলতা বজায় রাখা, উন্নয়নের ধারা রক্ষা এবং সদস্য দেশগুলোর অর্থনীতির ওপর চাপ মোকাবিলায় এই ঐক্যবদ্ধ প্রচেষ্টার কথা বলেন তারা।

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট ও এমডিবি প্রধানদের বর্তমান চেয়ারম্যান মাসাতো কান্দা বলেন, ‘একটি জটিল ও পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতিতে সদস্য দেশ ও অংশীদারদের/গ্রাহকদের সহায়তা করতে এমডিবিগুলো আগের যে কোন সময়ের চেয়ে অনেক বেশি ঘনিষ্ঠভাবে কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের আর্থিক শক্তি, জ্ঞান ও অংশীদারিত্বের সমন্বয়ে আমরা দেশগুলোকে বর্তমান চাপ সামলাতে এবং ভবিষ্যতের জন্য সক্ষমতা তৈরিতে সহায়তা করছি।’

শুক্রবার বিশ্বব্যাংক গ্রুপ ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) স্প্রিং মিটিং-এর ফাঁকে এমডিবি প্রধানরা এক বৈঠকে মিলিত হন। তারা উল্লেখ করেন, জ্বালানির উচ্চমূল্য, সরবরাহ ব্যবস্থার বিঘœ এবং কঠোর আর্থিক পরিস্থিতির মাধ্যমে বর্তমান বৈশ্বিক পরিস্থিতির প্রভাব এখনই অনুভূত হচ্ছে।

বৈঠকে এমডিবি প্রধানরা বলেন, দেশগুলোর ঝুঁকি ব্যবস্থাপনা, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে রক্ষায় তারা দ্রুত ও কার্যকর সহায়তা দিতে প্রস্তুত।

এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে এমডিবি প্রধানগণ তাদের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তারা নিজ নিজ কাজের পরিধি ও কৌশল অনুযায়ী বেসরকারি খাতের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামো এবং দীর্ঘমেয়াদী টেকসই প্রবৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

এমডিবি প্রধানগণ বেসরকারি অর্থায়ন জোরদার এবং অর্থায়নের সক্ষমতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন। এর মধ্যে ‘অরিজিনেট-টু-ডিস্ট্রিবিউট’ বা অংশীদারিত্বের মতো পদ্ধতিগুলোও রয়েছে। এর ফলে এমডিবিগুলোর পক্ষে বিনিয়োগের সুযোগ তৈরি করা এবং বড় পরিসরে বেসরকারি পুঁজি সংগ্রহ করা সম্ভব হবে।

এই কাজকে এগিয়ে নিতে তারা একটি ওয়ার্কিং গ্রুপ গঠনে একমত হয়েছে। এছাড়া গ্লোবাল ইমার্জিং মার্কেটস (জেএমএস) জোটের মাধ্যমে উদীয়মান বাজারে ঋণের ঝুঁকির স্বচ্ছতা বাড়ানো এবং স্থানীয় মুদ্রায় অর্থায়ন বৃদ্ধির গুরুত্ব তারা স্বীকার করেন। এর মধ্যে অভ্যন্তরীণ আর্থিক বাজার উন্নয়নের মাধ্যমে বিনিময় হারের ঝুঁকি কমানো এবং ব্লেন্ডেড ফাইন্যান্সের (মিশ্র অর্থায়ন) সুশৃঙ্খল ব্যবহারের ওপরও জোর দেওয়া হয়।

দারিদ্র্য বিমোচন, সামাজিক সংহতি বৃদ্ধি এবং ঝুঁকি কমাতে এমডিবির কার্যক্রম কতটুকু কর্মসংস্থান সৃষ্টি করছে, তা পরিমাপের জন্য একটি অভিন্ন পদ্ধতি তৈরির বিষয়েও ব্যাংকগুলো একমত হয়েছে। এই লক্ষ্য অর্জনে তারা নিজেদের মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতার ওপর জোর দেন।

জ্বালানি নিরাপত্তা ও ডিজিটাল রূপান্তরের মতো বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে এমডিবিগুলো খনিজ সম্পদের ক্ষেত্রে সহযোগিতা বাড়াচ্ছে। সদস্য দেশগুলোতে কর্মসংস্থান তৈরি এবং অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করছে। এছাড়া খনিজ সম্পদের সরবরাহ ব্যবস্থা যেন বৈচিত্র্যময় ও টেকসই হয়, তা নিশ্চিত করতেও তারা কাজ করছে।

এমডিবিগুলো ‘ওয়াটার ফরোয়ার্ড’ নামে একটি বৈশ্বিক উদ্যোগ চালু করেছে। এর লক্ষ্য হলো পানি ব্যবস্থাপনায় বিনিয়োগযোগ্য ও বড় পরিসরে কার্যকর পদ্ধতি গড়ে তোলা, যা কর্মসংস্থান, সমৃদ্ধি, খাদ্য নিরাপত্তা ও সক্ষমতা বৃদ্ধি নিশ্চিত করবে। এছাড়া এমডিবি প্রধানরা কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) অন্যান্য অগ্রাধিকার খাতেও যৌথ প্রচেষ্টা অব্যাহত রাখার কথা জানিয়েছেন।

এমডিবি প্রধানরা একটি সমন্বিত ব্যবস্থা হিসেবে আরও কার্যকরভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। এক্ষেত্রে কাজের মান এবং উৎকর্ষের ওপর তারা বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন।

এমডিবি’র অর্থায়নে পরিচালিত প্রকল্পগুলোর মান ও স্থায়িত্ব নিশ্চিত করতে তারা কেনাকাটার ক্ষেত্রে একটি অভিন্ন ‘ভ্যালু ফর মানি’ রূপরেখার বিষয়ে একমত হয়েছেন। প্রতিটি ব্যাংক তাদের নিজস্ব কাজের ধরণ অনুযায়ী এটি আরও উন্নত করে নেবে। এছাড়া প্রকল্পগুলোতে কোনো বাধা ছাড়াই যৌথ অর্থায়ন নিশ্চিত করতে ‘মিউচুয়াল রিলায়েন্স ফ্রেমওয়ার্ক’ বা পারস্পরিক নির্ভরতা কাঠামোর ব্যবহারের অগ্রগতির কথা তারা উল্লেখ করেন।

এমডিবি প্রধানদের এই গ্রুপে রয়েছে আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক গ্রুপ, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি), কাউন্সিল অব ইউরোপ ডেভেলপমেন্ট ব্যাংক, ইউরোপীয় পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংক (ইবিআরডি), ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক, ইন্টার-আমেরিকান ডেভেলপমেন্ট ব্যাংক গ্রুপ, ইসলামি উন্নয়ন ব্যাংক (আইডিবি), নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এবং বিশ্বব্যাংক গ্রুপ।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলও (আইএমএফ) এমডিবি প্রধানদের এই আলোচনায় অংশ নেয়।