শিরোনাম

ঢাকা, ১৬ এপ্রিল, ২০২৬ (বাসস) : বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে আজ মন্ত্রণালয়ে তার অফিস কক্ষে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)-এর একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছেন।
সাক্ষাতে দেশের নিরীক্ষা খাতের সার্বিক অবস্থা ও সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।
মন্ত্রী আইসিএবি’র আলোচনার বিষয়গুলো গুরুত্বসহকারে শোনেন এবং বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
তিনি বলেন, জাতীয় সম্পদ সুরক্ষার ক্ষেত্রে নিরীক্ষা খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরীক্ষার মান বজায় রাখতে সরকার আন্তরিক ও সচেতনতা নিয়ে কাজ করবে।
আইসিএবি প্রতিনিধিবৃন্দ বিগত সময়ে সিএমএ-কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টদের নিরীক্ষা করার অধিকার দেওয়ার বিষয়ে উদ্বেগ জানিয়ে বলেন, দেশের নিরীক্ষা কার্যক্রম আইসিএবি’র মাধ্যমে পরিচালিত হচ্ছে দীর্ঘদিন ধরে। নিরীক্ষাতে আইনি কাঠামো ও আন্তর্জাতিক মানদণ্ড ছাড়া নিরীক্ষা করার অধিকার বাড়ালে এ খাত আস্থা হারাতে পারে।
উল্লেখ্য, ২০২৫ সালের অর্থ আইনে সিএমএ-দের নিরীক্ষা করার অধিকার দেওয়ার প্রস্তাব তোলা হলেও আইসিএবি-এর আপত্তিতে সেটা চূড়ান্ত আইন হয়নি। কিন্তু একই ধরনের প্রস্তাব ২০২৬ সালের সংশ্লিষ্ট আইনে পুনরায় বিবেচনায় আসতে পারে বলে সে প্রশ্নে সরকার যেন সচেতন থাকে, তার অনুরোধ জানায় আইসিএবি।
আইসিএবি প্রতিনিধিদলে ছিলেন ভাইস প্রেসিডেন্ট সুরাইয়া জান্নাত খান, ভাইস প্রেসিডেন্ট মো. রোকনুজ্জামান, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মেহেদি হাসান, ভাইস প্রেসিডেন্ট মো. মনিরুজ্জামান এবং প্রধান নির্বাহী শুভাশিস বসু।