বাসস
  ১৬ এপ্রিল ২০২৬, ১৯:১৪

পুঁজিবাজারের উন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর সাথে বিএসইসি’র বৈঠক 

ছবি : সংগৃহীত

ঢাকা, ১৬ এপ্রিল, ২০২৬ (বাসস): পুঁজিবাজারের উন্নয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ভবিষ্যত পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী তানভীর গনির সাথে বৈঠক করেছে বিএসইসি। 

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কার্যালয়ে প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারীর সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে বিস্তারিত পরিকল্পনা তুলে ধরা হয়। বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে অন্যান্যদের মধ্যে বিএসইসির কমিশনার মু. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ, মো. সাইফুদ্দিনসহ বিএসইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে পুঁজিবাজারের উন্নয়নে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ভূমিকা, সামগ্রিক কার্যাবলী ও প্রাতিষ্ঠানিক কাঠামো ও সক্ষমতা, পুঁজিবাজারের ইকোসিস্টেম ও রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, পুঁজিবাজারের উন্নয়নে বিএসইসি কর্তৃক বাস্তবায়িত উল্লেখযোগ্য কার্যক্রম ও অর্জিত সাফল্য নিয়ে আলোচনা করা হয়। 

এছাড়া বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বিএসইসির ভবিষ্যত পরিকল্পনাসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট বিষয়সগুলো নিয়ে একটি প্রেজেন্টেশন প্রদান করা হয়।

এতে পুঁজিবাজারের সংস্কার ও টেকসই উন্নয়নে সাম্প্রতিক সময়ে বিএসইসি কর্তৃক গৃহীত পদক্ষেপ সমূহ সম্পর্কে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীকে অবহিত করা হয়। এসময় প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী পুঁজিবাজারের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।