শিরোনাম

ঢাকা, ১৬ এপ্রিল, ২০২৬ (বাসস) : বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং মডার্ন সিনটেক্স লিমিটেডের মধ্যে শিল্প প্রতিষ্ঠান স্থাপনের লক্ষ্য জমি লিজ চুক্তি স্বাক্ষর করা হয়েছে। প্রতিষ্ঠানটি জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এনএসইজেডে) ৩.৭৫ একর জমিতে ৭.৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। গতকাল বুধবার বেজা কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর হয়।
চুক্তির আওতায় জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এনএসইজেড), মিরসরাই, চট্টগ্রামে একটি হাই ভ্যালু পলিয়েস্টার ইয়ার্ন (উন্নতমানের পলিয়েস্টার সুতা) শিল্প প্রতিষ্ঠান স্থাপনের উদ্দেশ্যে ভূমি লিজ প্রদান করা হবে। পাশাপাশি প্রতিষ্ঠানটি তাদের বিদ্যমান সুনাম ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশে ও আন্তর্জাতিক বাজারে ব্যবসা সম্প্রসারণ করবে।
অনুষ্ঠানে বেজা’র নির্বাহী সদস্য (বিনিয়োগ উন্নয়ন) সালেহ আহমদ বলেন, এনএসইজেডে মডার্ন সিনটেক্স লিমিটেডের মতো দেশীয় শিল্পগোষ্ঠীর বিনিয়োগে বাংলাদেশে আমদানি নির্ভরতা হ্রাস পাচ্ছে। তিনি বলেন, বেজা বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করে শিল্প স্থাপনে প্রয়োজনীয় সব সহায়তা প্রদান অব্যাহত রাখবে। তিনি বিনিয়োগকারীকে দ্রুত শিল্প প্রতিষ্ঠান স্থাপনের জন্য আহ্বান জানান এবং পরিবেশের উপাদানের ওপর প্রভাব কমিয়ে পণ্য উৎপাদনে জোর দেন।
মডার্ন সিনটেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু সুফিয়ান চৌধুরী বলেন, বেজা’র সহযোগিতায় এনএসইজেডে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও পরিবেশ বান্ধব শিল্প প্রতিষ্ঠান স্থাপন করা হয়েছে যার দ্রুত সম্প্রসারণে তারা কাজ করছেন।
বেজা’র পক্ষে লিজ চুক্তিতে স্বাক্ষর করেন- অতিরিক্ত সচিব ও নির্বাহী সদস্য (বিনিয়োগ উন্নয়ন) সালেহ আহমদ এবং মডার্ন সিনটেক্স লিমিটেডের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন- প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আবু সুফিয়ান চৌধুরী। অন্যান্যের মধ্যে বেজা’র নির্বাহী সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন) এবং নির্বাহী সদস্য (প্রশাসন ও অর্থ) উপস্থিত ছিলেন।
জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রায় ১৫টি শিল্প প্রতিষ্ঠান ইতোমধ্যে উৎপাদন কার্যক্রম পরিচালনা করছে এবং প্রায় ২০টি শিল্প প্রতিষ্ঠান নির্মাণাধীন রয়েছে। সাগরতীরের ২৫ কিলোমিটার দৈর্ঘ্যে গড়ে ওঠা দেশের বৃহত্তম এই পরিকল্পিত শিল্পাঞ্চলে শিল্প প্রতিষ্ঠান ছাড়াও নগর ব্যবস্থার সব সুযোগ-সুবিধার সমন্বয় ঘটানো হচ্ছে।
মডার্ন সিনটেক্স লিমিটেড প্রতিষ্ঠানটি স্বনামধন্য টি কে গ্রুপের একটি অংগ প্রতিষ্ঠান। ইতোমধ্যে তারা জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে পলিয়েস্টার ইয়ার্ন শিল্প কারখানা স্থাপন করেছে, যা এ জমিতে সম্প্রসারণ করা হবে। ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হবার পর থেকে টি কে গ্রুপ বাংলাদেশের ভোগ্য পণ্য জগতে অন্যতম প্রধান কনগ্লোমারেট হিসেবে আবির্ভূত হয়েছে। ভোজ্যতেল, স্টিল গ্যালভানাইজিং, পার্টিকেল বোর্ড, চা, টেক্সটাইল, খাদ্য সামগ্রী, কন্টেইনার ও প্যাকেজিং, কাগজ শিল্প, শিপ বিল্ডিং ইত্যাদি খাতে গ্রুপটির বিনিয়োগ রয়েছে। জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে টি কে গ্রুপ ইতোপূর্বে মডার্ন সিনটেক্স লিমিটেড এবং সামুদা ফুড প্রোডাক্টসের নামে জমি লিজ নিয়েছে এবং সেখানে উৎপাদন কার্যক্রম পরিচালনা করছে।