বাসস
  ১৬ এপ্রিল ২০২৬, ১৮:০৪
আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ১৮:১১

চীনের গুয়াংজু সোর্সিং ফেয়ারে ডিসিসিআই প্রতিনিধিদল

ছবি : সংগৃহীত

ঢাকা, ১৬ এপ্রিল, ২০২৬ (বাসস): নতুন বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা অনুসন্ধানে চীনের গুয়াংজুতে অনুষ্ঠিত ৬ষ্ঠ গুয়াংজু সোর্সিং ফেয়ারে অংশ নিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) একটি প্রতিনিধিদল।

ডিসিসিআই’র ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরীর নেতৃত্বে চীন সফররত এ প্রতিনিধিদল বৃহস্পতিবার আয়োজিত ফেয়ারে যোগ দেয়। এ উপলক্ষ্যে অনুষ্ঠিত বিটুবি ম্যাচমেকিং সেশনে হার্ডওয়্যার ও টুলস, অটোমোবাইল ও মোটরসাইকেল খাত, গৃহস্থালী যন্ত্রপাতি এবং নির্মাণ সামগ্রীসহ বিভিন্ন খাতের প্রায় ১৫০টি চীনা সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসা ও বিনিয়োগ সংক্রান্ত তথ্য আদান-প্রদানের সুযোগ পেয়েছেন প্রতিনিধিদলের সদস্যরা।

ফেয়ার উপলক্ষ্যে আয়োজিত সাপ্লাই চেইন বিষয়ক এক দ্বিপাক্ষিক আলোচনায় রাজিব এইচ চৌধুরী বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের বহুমাত্রিক অংশীদারিত্ব রয়েছে, যা বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নসহ নানা খাতকে অন্তর্ভুক্ত করে।

 তিনি জানান, ২০২৫ অর্থবছরে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ দশমিক ৮৯ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে বাংলাদেশের আমদানি ১৮ দশমিক ২০ বিলিয়ন এবং রপ্তানি ৬৯৪ দশমিক ৪৯ মিলিয়ন মার্কিন ডলার।

তিনি টেক্সটাইল ও টেক্সটাইলজাত পণ্য, যান্ত্রিক সরঞ্জাম, রাসায়নিক পণ্য, ধাতু, প্লাস্টিক, খনিজ ও উদ্ভিজ পণ্যসহ বিভিন্ন খাতে বাংলাদেশে বিনিয়োগে চীনা উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান।

আলোচনায় পলি জিনহান এক্সিবিশন, পলি ইভেন্টসের পরিচালক নিকোল ফ্যান বলেন, এ ধরনের আয়োজন চীন ও বাংলাদেশের উদ্যোক্তাদের মধ্যে সেতুবন্ধন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আরও বেশি বাংলাদেশি উদ্যোক্তা এ সোর্সিং ফেয়ারে অংশ নেবেন। এ মেলার মাধ্যমে বাংলাদেশের ক্রেতারা চীনের বৃহত্তর সরবরাহকারী নেটওয়ার্কের সঙ্গে সংযোগ স্থাপন এবং নতুন ব্যবসায়িক সহযোগিতার সুযোগ অন্বেষণ করতে পারবেন।