বাসস
  ১৫ এপ্রিল ২০২৬, ১৯:০৮

সিএসএমই খাতের উন্নয়নেই ত্বরান্বিত হবে অর্থনৈতিক প্রবৃদ্ধি : প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা 

ছবি : বাসস

ঢাকা, ১৫ এপ্রিল,২০২৬ (বাসস) :  ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ (সিএসএমই) খাতের উন্নয়নে সরকার ও বেসরকারিখাতকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। 

তিনি বলেন, এ খাতের অগ্রগতি দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করবে এবং টেকসই প্রবৃদ্ধির ভিত্তি আরও শক্তিশালী করবে।

বুধবার রাজধানীতে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘ব্যাংকিং খাতের সমন্বয়: ঋণদাতা ও ঋণগ্রহীতার দৃষ্টিভঙ্গি’ শীর্ষক ফোকাস গ্রুপ আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. তিতুমীর বলেন, শ্রমঘন শিল্পের প্রসার ঘটিয়ে কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার। এ ধরনের শিল্পের উন্নয়ন ঘটানো গেলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং অর্থনীতিতে গতি আসবে। তিনি আরও জানান, বন্ধ হয়ে যাওয়া শিল্প-কারখানা পুনরায় চালু, উৎপাদন বৃদ্ধি এবং নারী উদ্যোক্তাদের প্রয়োজনীয় সহায়তা দিতে সরকার উদ্যোগ নেবে।

উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত দেশের আর্থিক খাতের বর্তমান দুরবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, এ খাতের সংস্কার এখন সময়ের দাবি। নীতি প্রণয়ন, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং প্রয়োজনীয় উদ্যোগের মাধ্যমে পরিস্থিতির উন্নয়ন ঘটানো হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যাংক কোম্পানি আইনসহ আর্থিক খাত সংশ্লিষ্ট আইনগুলোর সংস্কারের কোনো বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।

দীর্ঘমেয়াদি টেকসই অর্থায়নের জন্য বিকল্প উৎসের ওপর জোর দিয়ে ড. তিতুমীর বলেন, শুধু ব্যাংক নির্ভর ঋণব্যবস্থা দিয়ে অর্থনীতির চাহিদা পূরণ সম্ভব নয়। এ জন্য শক্তিশালী বন্ড মার্কেট ও কার্যকর পুঁজিবাজার গড়ে তোলা জরুরি।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ। তিনি বলেন, বর্তমানে ব্যাংক খাতে অতিরিক্ত তারল্য থাকা সত্ত্বেও বেসরকারিখাতে ঋণের প্রবৃদ্ধি কমে এসেছে। একই সঙ্গে শিল্প খাতে অনাদায়ী ঋণ ও খেলাপি ঋণের হার বৃদ্ধি পাওয়ায় ব্যাংকগুলো নতুন ঋণ বিতরণে অনীহা দেখাচ্ছে। এ পরিস্থিতি উত্তরণে ব্যাংক খাতের কাঠামোগত দুর্বলতা দূর করা, সুশাসন নিশ্চিত করা এবং বেসরকারিখাতের সঙ্গে কার্যকর সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস এর চেয়ারম্যান আব্দুল হাই সরকার বলেন, এসএমই খাতে অর্থায়ন সহজীকরণের কোনো বিকল্প নেই। তবে নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয়ের ঘাটতি রয়েছে, যা দূর করা প্রয়োজন।

আলোচনায় বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এসএমই ও স্পেশাল প্রোগ্রামস বিভাগ) নওশাদ মোস্তফা, বাংলাদেশ ব্যাংকের পরিচালক (গবেষণা) সেলিম আল মামুন ও মো. আব্দুল ওয়াহাব, এনসিসি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন, সিটি ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক আশানুর রহমান এবং ডিসিসিআইয়ের সাবেক পরিচালক মো. সারফুদ্দিন প্রমূখ।