বাসস
  ১৩ এপ্রিল ২০২৬, ১৯:১৫

আলিবাবা ডট কম বাংলাদেশ ই-কমার্স মাস্টার চ্যাম্পিয়নশিপ ২০২৬ গ্র্যান্ড ফাইনাল ঢাকায় অনুষ্ঠিত

ঢাকা, ১৩ এপ্রিল, ২০২৬ (বাসস) : আলিবাবা ডট কম বাংলাদেশ ই-কমার্স মাস্টার চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর গ্র্যান্ড ফাইনাল আজ ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। 

বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির ধারাবাহিক উন্নয়নকে এগিয়ে নিতে এই আয়োজনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আলিবাবা ডট কম কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানটি বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) সহযোগিতায় সম্পন্ন হয়। বিসিসিআই’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিসিসিসিআই’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এজেডএম আজিজুর রহমান দেশের ধারাবাহিক অর্থনৈতিক অগ্রগতি এবং ই-কমার্সের ক্রমবর্ধমান গুরুত্ব তুলে ধরে বলেন, ই-কমার্স উদ্ভাবন, অন্তর্ভুক্তি এবং বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) বৈশ্বিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে ডিজিটাল দক্ষতা উন্নয়ন অত্যন্ত জরুরি।

বাংলাদেশে আলিবাবা ডট কম-এর কান্ট্রি ম্যানেজার ভ্যানিয়া ওয়াং বলেন, এ বছর প্রতিষ্ঠানটির ১০ বছর পূর্তি উদযাপিত হচ্ছে। তিনি বাংলাদেশে কার্যক্রম আরও সম্প্রসারণ এবং স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সহযোগিতা জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশের প্রতিযোগিতামূলক কর্মশক্তি এবং ক্রমবর্ধমান ডিজিটাল সক্ষমতা আন্তর্জাতিক বাজারে স্থানীয় উৎপাদনকারীদের সংযুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই চ্যাম্পিয়নশিপের মূল লক্ষ্য হলো বাংলাদেশের এসএমই উদ্যোক্তাদের ক্রস-বর্ডার ই-কমার্সে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা, জ্ঞান এবং নেটওয়ার্ক তৈরি করা এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে এগিয়ে নেওয়া।

অনুষ্ঠানে বিসিসিসিআই’র সেক্রেটারি জেনারেল, ভাইস প্রেসিডেন্টবৃন্দ, জয়েন্ট সেক্রেটারি জেনারেল, ডিরেক্টর (ফাইন্যান্স), অন্যান্য পরিচালকবৃন্দ, নির্বাহী পরিচালকসহ ব্যবসায়ী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।