বাসস
  ১২ এপ্রিল ২০২৬, ২১:০৭

সময়োপযোগী জ্ঞান পেলে তরুণ প্রজন্ম দায়িত্বশীল বিনিয়োগকারী হবে : বিএসইসি চেয়ারম্যান 

ছবি : বাসস

ঢাকা, ১২ এপ্রিল ২০২৬ (বাসস): বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেছেন, তরুণ প্রজন্মকে সময়োপযোগী জ্ঞান দেওয়া হলে তারা ভবিষ্যতে দায়িত্বশীল বিনিয়োগকারী হিসেবে গড়ে উঠবে এবং একটি শক্তিশালী পুঁজিবাজার নির্মাণে ভূমিকা রাখবে। 

বিনিয়োগ, শিক্ষা ও আর্থিক সচেতনতা বাড়াতে বিএসইসি আয়োজিত ‘আর্থিক জ্ঞান বিষয়ক শর্ট ভিডিও প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

আজ রাজধানীর আগারগাঁওয়ে কমিশনের মাল্টিপারপাস হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে খন্দকার রাশেদ মাকসুদ আরও বলেন, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের তৈরি ভিডিওগুলো ভবিষ্যতে বিনিয়োগ শিক্ষা প্রসারে ব্যাপকভাবে ব্যবহার করা হবে। বিনিয়োগ শিক্ষা কার্যক্রম জোরদারে জেলা-উপজেলা পর্যায়ে মাঠ প্রশাসনকে যুক্ত করা হয়েছে। এছাড়া প্রতিযোগিতার ভিডিওগুলো সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে বলে তিনি জানান।

স্বাগত বক্তব্য রাখেন বিএসইসির কমিশনার ফারজানা লালারুখ। এ সময় কমিশনের অন্যান্য কমিশনারবৃন্দ, জুরিবোর্ড সদস্য, নির্বাহী পরিচালক ও পরিচালকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ফারজানা লালারুখ বলেন, একটি সুস্থ, স্থিতিশীল ও টেকসই পুঁজিবাজার গড়ে তুলতে বিনিয়োগকারীদের যথাযথ জ্ঞান ও সচেতনতার বিকল্প নেই। এ লক্ষ্যেই বিএসইসি দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা সম্প্রসারণে কাজ করে যাচ্ছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত এ ধরনের শর্ট ভিডিও প্রতিযোগিতা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

তিনি জানান, প্রতিযোগিতাটি দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত ছিল। এতে ৪২৫টি দল নিবন্ধন করে এবং ৯০টি দল তিনটি ক্যাটাগরিতে মোট ৯০টি ভিডিও জমা দেয়। স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় সেরা দলগুলো নির্বাচন করা হয়েছে।

অনুষ্ঠানে জুরিবোর্ড সদস্য দৈনিক আমার দেশের ডেপুটি এডিটর সুলতান মাহমুদ বিন জুলফিকার বলেন, পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট ও দেশের টেলিভিশন চ্যানেলগুলোতে এসব ভিডিও প্রচার করা হলে বিনিয়োগ সচেতনতা আরও বৃদ্ধি পাবে।

জুরিবোর্ড সদস্য ব্র্যাক ইউনিভার্সিটির অফিস অফ কমিউনিকেশন্সের ডিরেক্টর খায়রুল বাশার বলেন, নতুন প্রজন্মের সৃষ্টিশীলতা ও ভিন্নধর্মী চিন্তাধারা এই প্রতিযোগিতায় ফুটে উঠেছে। তরুণদের সঙ্গে নীতিনির্ধারকদের সংযোগ আরও জোরদার করা প্রয়োজন।

অনুষ্ঠানে ‘সুস্থ পুঁজিবাজার ও সমৃদ্ধ অর্থনীতি’, ‘পুঁজিবাজারে ঝুঁকি’ এবং ‘পুঁজিবাজারে সচেতনতা বাড়াতে আর্থিক জ্ঞান’—এই তিনটি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মোট ৯টি দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি ১০টি দলকে উৎসাহ পুরস্কার দেওয়া হয়।

বিজয়ীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের যথাক্রমে ৬০ হাজার, ৪৫ হাজার ও ৩০ হাজার টাকা এবং উৎসাহ পুরস্কারপ্রাপ্তদের ১৫ হাজার টাকা করে দেওয়া হয়।