বাসস
  ১১ এপ্রিল ২০২৬, ১৫:০৯

ইকুয়েডর ও কলম্বিয়ার পণ্যে পাল্টাপাল্টি শতভাগ শুল্ক আরোপ

ঢাকা, ১১ এপ্রিল, ২০২৬ (বাসস) : কলম্বিয়া গতকাল  শুক্রবার ইকুয়েডরের আমদানি পণ্যের ওপর শতভাগ শুল্ক আরোপ করেছে। এর আগের দিন ইকুয়েডর একই ধরনের পদক্ষেপ নেওয়ার পর এই পাল্টা ব্যবস্থা নেয় কলম্বিয়া। 
দেশটির বাণিজ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

দুই দেশ কয়েক মাস ধরে এক ধরনের বাণিজ্যযুদ্ধে জড়িয়ে পড়েছে। 

ইকুয়েডরের ডানপন্থী প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া অভিযোগ করে আসছেন যে বামপন্থী কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার ও অবৈধ খনন দমনে ব্যর্থ হয়েছেন।

এর আগে, গত বৃহস্পতিবার কলম্বিয়ার পণ্যের ওপর শুল্ক ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ১০০ শতাংশ করে ইকুয়েডর। এর জবাবে পেত্রো বোগোতায় নিযুক্ত কলম্বিয়ার রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেন।

বছরের শুরু থেকে দুই দেশ একে অপরের শুল্ক বৃদ্ধির পাল্টা হিসেবে ধারাবাহিকভাবে শুল্ক আরোপ করছে, যা শুরু হয়েছিল ৩০ শতাংশ থেকে এবং এখন তা ১০০ শতাংশে পৌঁছেছে।

তবে শুক্রবার বিকেলে পেত্রো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর পোস্টে জানান, কলম্বিয়ার শিল্প উৎপাদনের জন্য প্রয়োজনীয় কিছু কাঁচামালের ওপর শুল্ক শূন্য শতাংশ থাকবে। 

কলম্বিয়ার বাণিজ্য মন্ত্রী ডায়ানা মোরালেস এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা সব ধরনের কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছি।’ 

পেত্রো সাবেক ইকুয়েডরীয় ভাইস প্রেসিডেন্ট জর্জ গ্লাসকে ‘রাজনৈতিক বন্দি’ বলে মন্তব্য করেন। ফলে এই সপ্তাহে উভয় দেশের মধ্যে চলমান উত্তেজনা আরও বেড়েছে।

গ্লাস ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত ইকুয়েডরের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি প্রথমে বামপন্থী নেতা রাফায়েল কোরেয়ার এবং পরে লেনিন মোরেনোর সরকারের অধীনে কাজ করেন। দুর্নীতির অভিযোগে গত বছর তাকে ১৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়।