শিরোনাম

ঢাকা, ৩১ মার্চ, ২০২৬ (বাসস): জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিতব্য বিশ্বখ্যাত টেক্সটাইল প্রদর্শনী ‘টেকটেক্সটিল ২০২৬’ ও ‘টেক্সপ্রসেস ২০২৬’-এ বাংলাদেশের তিনটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।
আগামী এপ্রিল মাসে আয়োজিত এ দুটি আন্তর্জাতিক প্রদর্শনীতে বিশ্বের ৪৯টি দেশের ১ হাজার ৭০০ও বেশি প্রতিষ্ঠান অংশ নেবে। এর মধ্যে টেকটেক্সটিল-এ ১ হাজার ৫০০-এর বেশি এবং টেক্স প্রসেস-এ প্রায় ২০০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। মেসে ফ্রাঙ্কফুর্ট বাংলাদেশ অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় যে এ বছরের প্রদর্শনীতে ব্যবহারিক উদ্ভাবনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। ওয়ার্কওয়্যার, সুরক্ষা পোশাক, স্মার্ট ফ্যাশন ও স্পোর্টসওয়্যারের জন্য নতুন উপকরণ উপস্থাপন করা হবে। পাশাপাশি টেকসই সমাধান, আধুনিক প্রযুক্তি এবং উন্নত উৎপাদন পদ্ধতির মাধ্যমে শিল্পখাতের চ্যালেঞ্জ মোকাবিলার বিভিন্ন দিক তুলে ধরা হবে।
বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো- এম অ্যান্ড এ কম্পোসিট, ইকো প্যাক এবং টিম ম্যানুফ্যাকচারিং। তারা নিজ নিজ উদ্ভাবন এবং আধুনিক উৎপাদন প্রযুক্তি আন্তর্জাতিক অঙ্গনে উপস্থাপন করবে।
প্রদর্শনীতে বিপুল সংখ্যক আন্তর্জাতিক দর্শনার্থীর অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে। ২০২৪ সালের আসরে টেকটেক্সটিল ও টেক্স প্রসেস মিলিয়ে ৬৩ হাজারের বেশি দর্শনার্থী অংশ নিয়েছিলেন; যা এ আয়োজনের বৈশ্বিক গুরুত্বকে তুলে ধরে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের আন্তর্জাতিক প্ল্যাটফর্মে অংশগ্রহণ বাংলাদেশের জন্য রপ্তানি সম্প্রসারণ, বৈশ্বিক ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।