বাসস
  ৩০ মার্চ ২০২৬, ২১:০৭

দায়দেনা পরিশোধের জন্য সিটি সুগারকে তেরশত কোটি টাকার বন্ড অনুমোদন দিয়েছে বিএসইসি

ঢাকা, ৩০ মার্চ, ২০২৬ (বাসস): বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিদ্যমান দায় পরিশোধের জন্য সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে এক হাজার ৩০০ কোটি টাকার জিরো কূপন বন্ড অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। 

এছাড়া নারী উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং নারীর ক্ষমতায়নের জন্য সাজিদা ফাউন্ডেশনকে ১৫৮ কোটি ৫০ লাখ টাকার পৃথক জিরো কূপন বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে। 

আজ কমিশনের ১০০৬তম জরুরি  সভায় এ অনুমোদন দেওয়া হয় বলে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কমিশনের সভাকক্ষে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিশরে সভায় সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এক হাজার ৩০০ কোটি টাকা অভিহিত মূল্যের তিন বছর মেয়াদি শতভাগ সুরক্ষিত (বন্ধকভিত্তিক), অরূপান্তরযোগ্য, সম্পূর্ণ পরিশোধযোগ্য, শূন্য কূপন বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করা হয়। বন্ডটির ডিসকাউন্ট রেট প্রায় ১৩ দশমিক ৫০ শতাংশ। এটি ব্যক্তিগত বরাদ্দের মাধ্যমে করপোরেট প্রতিষ্ঠান, উচ্চ সম্পদশালী ব্যক্তি, স্থানীয় ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বীমা কোম্পানির নিকট ইস্যু করা হবে। প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১৩ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।  প্রাপ্ত অর্থ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিদ্যমান দায় পরিশোধে ব্যবহার করা হবে। এ বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেড এবং ব্যবস্থাপক হিসেবে কাজ করবে ব্র্যাক ব্যাংক পিএলসি। বন্ডটি বিকল্প লেনদেন বোর্ডে তালিকাভুক্ত হবে।

অন্যদিকে, দেশের প্রথম অরেঞ্জ বন্ড হিসেবে সাজিদা ফাউন্ডেশনের ১৫৮ কোটি ৫০ লাখ টাকা অভিহিত মূল্যের এক থেকে তিন বছর মেয়াদি অরূপান্তরযোগ্য, সম্পূর্ণ পরিশোধযোগ্য, অরেঞ্জ শূন্য কূপন বন্ড ইস্যুর প্রস্তাবও অনুমোদন করা হয়েছে। এ বন্ডের ছাড় হার ৭ শতাংশ থেকে ১১ দশমিক ৫০ শতাংশের মধ্যে নির্ধারিত হবে।

বন্ডটি ব্যক্তিগত বরাদ্দের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী ব্যক্তিদের নিকট ইস্যু করা হবে। প্রতি ইউনিটের অভিহিত মূল্য তিন লাখ ৩৩ হাজার ৩৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ বন্ডের মাধ্যমে সংগৃহীত অর্থ সাজিদা ফাউন্ডেশনের ক্ষুদ্রঋণ কার্যক্রম শক্তিশালী ও সম্প্রসারণে ব্যয় করা হবে। বিশেষ করে নারী উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং নারীর ক্ষমতায়নে এ অর্থ ব্যবহার করা হবে। আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে অর্থ ব্যবহারের বিষয়ে ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট এক্সচেঞ্জ দ্বিতীয় পক্ষের মতামত প্রদান করেছে।

এ বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি এবং ব্যবস্থাপক হিসেবে কাজ করবে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেড। এ বন্ডটিও বিকল্প লেনদেন বোর্ডে তালিকাভুক্ত হবে।