বাসস
  ২৫ মার্চ ২০২৬, ১৫:৫৮
আপডেট : ২৫ মার্চ ২০২৬, ১৬:৩২

আকিজ ফুড অ্যান্ড বেভারেজের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন দিয়েছে বিএসইসি

ঢাকা, ২৫ মার্চ, ২০২৬ (বাসস) : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ১০০৪ তম কমিশন সভায় আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ৫০০ কোটি টাকা মূল্যের বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করা হয়েছে। 

বুধবার কমিশনের সভাকক্ষে বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

অনুমোদিত বন্ডটি ছয় মাস থেকে সর্বোচ্চ পাঁচ বছর মেয়াদি, জামানতবিহীন, অরূপান্তরযোগ্য, পূর্ণ পরিশোধযোগ্য শূন্য-সুদ বন্ড হিসেবে ইস্যু করা হবে। 

বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ব্যাংক, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী ব্যক্তিদের নিকট ব্যক্তিগত বরাদ্দের মাধ্যমে বিতরণ করা হবে। 

বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ লাখ টাকা। এতে ট্রাস্টি হিসেবে সেনা ইন্স্যুরেন্স পিএলসি ও তহবিল ব্যবস্থাপক হিসেবে নর্থ স্টার ইনভেস্টমেন্টস (বিডি) লিমিটেড দায়িত্ব পালন করবে।

বিএসইসি’র পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।