বাসস
  ২৪ মার্চ ২০২৬, ১৫:৫৬

জেট ফুয়েলের দাম সমন্বয় করছে বিইআরসি

ঢাকা, ২৪ মার্চ, ২০২৬ (বাসস) : মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারনে মার্চ মাসের জন্য উড়োজাহাজের জ্বালানি তেলের (জেট ফুয়েল) দাম সমন্বয় করছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

কমিশনের আদেশ অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য শুল্ক ও মূসকসহ প্রতি লিটার ২০২ দশমিক ২৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

অপরদিকে দেশি ও বিদেশি এয়ারলাইন্সসমূহের আন্তর্জাতিক ফ্লাইটের জন্য  প্রতি লিটার (শুল্ক ও মুসকছাড়া) ১ দশমিক ৩২ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

আজ মঙ্গলবার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিইআরসি। ঘোষিত দাম আজ রাত ১২টা থেকে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ধারা ৩৪ (৪) ও ৩৪ (৬) অনুযায়ী বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এবং পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের (পিওসিএল) প্রস্তাবের ভিত্তিতে গণশুনানি গ্রহণসহ বিস্তারিত পর্যালোচনা ও বিশ্লেষণ শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিইআরসির গত বছরের ১৩ মে জারিকৃত আদেশ নম্বর : ২০২৫/০৮ এর অনুচ্ছেদ ৯ দশমিক ২ অনুযায়ী গত ৫-২২ মার্চ সময়ে জেট ফুয়েলের প্রকাশিত প্লাটস রেটের গড়, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) এলসি সেটেলম্যান্ট বিবেচনায় অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ভোক্তাপর্যায়ে এই মূল্যহার নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৮ মার্চ অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য শুল্ক ও মূসকসহ জেট ফুয়েলের দাম প্রতি লিটার ১১২ দশমিক ৪১ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

আর দেশি ও বিদেশি এয়ারলাইন্সসমূহের আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার (শুল্ক ও মুসকছাড়া) শূন্য দশমিক ৭৩৮৪ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছিল।