শিরোনাম

ঢাকা, ১৬ মার্চ, ২০২৬ (বাসস): বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সাথে আজ সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিতিপর্ন চিরাসাওয়াদি। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সাক্ষাতে ব্যাংকের পক্ষ থেকে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে বিশেষ করে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা শক্তিশালী করার বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।
এছাড়াও বৈঠকে বিশেষজ্ঞ পর্যায়ে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, কারিগরি দক্ষতা বৃদ্ধি এবং বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে রপ্তানি-আমদানি সংক্রান্ত লেনদেন নিষ্পত্তি প্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করার সম্ভাব্য উপায় নিয়েও আলোচনা হয়।
এ সময়, থাইল্যান্ডে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের জন্য বিভিন্ন প্রশিক্ষণের সুযোগ সৃষ্টির জন্য গভর্নর মো. মোস্তাকুর রহমান থাইল্যান্ড সরকার ও থাইল্যান্ড কেন্দ্রীয় ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।