শিরোনাম

ঢাকা, ১০ মার্চ, ২০২৬ (বাসস) : পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই প্রতিষ্ঠান বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স (বিজিআই) কোম্পানি পিএলসি এবং কমার্সিয়াল ব্যাংক অব সিলন-এ ‘এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড’ বিনিয়োগ প্রস্তাব অনুমোদন দিয়েছে বিএসইসি।
বিএসইসির চেয়ারম্যান, খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ১০০২তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড’ নির্ধারিত বিধিবিধান অনুসরণ করে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি এবং কমার্সিয়াল ব্যাংক অব সিলন পিএলসিতে বিনিয়োগ করবে। ‘এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড’ এর প্রাথমিক ফান্ডের পরিমাণ ৫০ কোটি টাকা। ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করবে স্ট্র্যাটেজিক ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড। আর স্ট্র্যাটেজিক ইকুইটি ম্যানেজমেন্টের ট্রাস্টি ও কাষ্টডিয়ান হিসেবে কাজ করছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি এবং কমার্সিয়াল ব্যাংক অব সিলন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট আইনি ও নিয়ন্ত্রক কাঠামোর আওতায় থেকে এই বিনিয়োগ কার্যক্রম পরিচালিত হবে এবং পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের পরিধি বাড়াতে এ ধরনের উদ্যোগ সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
বিএসইসি সূত্রে জানা গেছে, বিনিয়োগ কার্যক্রম বাস্তবায়নে প্রযোজ্য সব নিয়ম ও শর্ত যথাযথভাবে অনুসরণ করতে সংশ্লিষ্ট পক্ষগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।