শিরোনাম

ঢাকা, ১০ মার্চ, ২০২৬ (বাসস) : চলতি মার্চ মাসের প্রথম নয় দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৫২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার; যা গত বছরের একই সময়ের তুলনায় ৫০ দশমিক ১ শতাংশ বেশি। গত বছরের একই সময় ২০২৫ সালের ১ থেকে ৯ মার্চ পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছিল ১০১ কোটি ৭০ লাখ মার্কিন ডলার।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যে জানা যায়, শুধু ৯ মার্চ একদিনেই দেশে এসেছে ১৮ কোটি ৫০ লাখ মার্কিন ডলার সমপরিমাণ রেমিট্যান্স।
এদিকে চলতি ২০২৫-২৬ অর্থবছরের (জুলাই-৯ মার্চ) প্রথম সময়ে দেশে মোট প্রবাসী আয় এসেছে ২ হাজার ৩৯৮ কোটি মার্কিন ডলার; যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১ হাজার ৯৫০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। সে হিসাবে চলতি অর্থবছরের একই সময় পর্যন্ত প্রবাসী আয় বেড়েছে ২২ দশমিক ৯ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রবাসীদের পাঠানো অর্থের প্রবাহ বৃদ্ধি পাওয়ায় সামগ্রিক রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।