বাসস
  ০৮ মার্চ ২০২৬, ১৭:৪৬

বেপজা অর্থনৈতিক অঞ্চলে ১৫.৩৪ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান

ঢাকা, ৮ মার্চ, ২০২৬ (বাসস) : চট্টগ্রামের মীরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে একটি উচ্চমানের পোশাক কারখানা স্থাপনে ১৫ দশমিক ৩৪ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ফ্লারিশ গার্মেন্টস বাংলাদেশ কোম্পানি লিমিটেড।

আজ রোববার ঢাকার বেপজা কমপ্লেক্সে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং ফ্লারিশ গার্মেন্টস বাংলাদেশ কোম্পানি লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বেপজার পক্ষে নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং ফ্লারিশ গার্মেন্টস বাংলাদেশ কোম্পানি লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক হ্যান জানজিয়াও চুক্তিতে স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানটি বছরে প্রায় ৪০ লাখ পিস বিভিন্ন ধরনের পোশাক উৎপাদন করবে। এসব পণ্যের মধ্যে রয়েছে ফ্লিজ জ্যাকেট, সফট শেল জ্যাকেট, ডাউন জ্যাকেট, কটন কোট, লেদার জ্যাকেট, আন্ডারওয়্যার, টি-শার্ট, পলো শার্ট, শর্টস, পার্কা, কোট, লং প্যান্ট, স্কি স্যুট, স্কি প্যান্ট, উইন্ডপ্রুফ জ্যাকেট, ফিশিং স্যুট, হাইকিং স্যুট, ইয়োগা স্যুট, রানিং স্যুট, জিন্স, নিটেড স্যুট, ফক্স লেদার ক্লদিং, ডিয়ার স্কিন ভেলভেট ক্লদিং, গলফ ক্লদিং ও ক্যাজুয়াল শার্ট।

প্রতিষ্ঠানটিতে প্রায় ১ হাজার ৯৮৮ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান ফ্লারিশ গার্মেন্টস বাংলাদেশ কোম্পানি লিমিটেডকে বেপজা পরিবারের নতুন সদস্য হিসেবে স্বাগত জানান এবং নির্বিঘ্নে ব্যবসা পরিচালনার জন্য বেপজার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

তিনি বলেন, বিনিয়োগকারীদের ক্রমবর্ধমান আগ্রহের পরিপ্রেক্ষিতে বেপজা অবকাঠামো সম্প্রসারণের পাশাপাশি নতুন নতুন জোন স্থাপন করছে, যা দেশের রপ্তানিমুখী শিল্পভিত্তিকে আরো শক্তিশালী করতে সহায়ক হবে।

তিনি নতুন এ বিনিয়োগকারীকে বেপজার বিভিন্ন জোনে আরো মানসম্পন্ন বিনিয়োগকারী আকৃষ্ট ও উৎসাহিত করতে ভূমিকা রাখার আহ্বান জানান, যাতে বাংলাদেশের টেকসই শিল্পায়ন ও রপ্তানি বহুমুখীকরণ আরো গতিশীল হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ. এস. এম. আনোয়ার পারভেজসহ বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।