বাসস
  ০৮ মার্চ ২০২৬, ১৭:৩৭

চার্টার্ড সেক্রেটারি কোর্সের ৫৭তম ব্যাচের উদ্বোধন

ছবি : বাসস

ঢাকা, ৮ মার্চ, ২০২৬ (বাসস) : ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)-এর চার্টার্ড সেক্রেটারি (সিএস) কোর্সের ৫৭তম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠান শনিবার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অধিবেশনে উল্লেখযোগ্যসংখ্যক নতুন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। আইসিএসবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

আইসিএসবি’র প্রেসিডেন্ট হোসেন সাদাত চার্টার্ড সেক্রেটারি (সিএস) কোর্সের ৫৭ তম ব্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। তিনি উল্লেখ করেন যে, চার্টার্ড সেক্রেটারিরা বিভিন্ন পেশাগত ক্ষেত্রে সক্রিয়ভাবে কাজ করছেন এবং তারা পেশার উন্নয়ন ও দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তিনি সংক্ষেপে চার্টার্ড সেক্রেটারি পেশার বৈশ্বিক সম্ভাবনা সম্পর্কেও আলোচনা করেন।

আইসিএসবি’র সেক্রেটারি ইন চার্জ মো. শামিবুর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। তিনি নবীন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানিয়ে তাদের জীবনের এই নতুন অধ্যায়ের সূচনার জন্য শুভ কামনা জানান। চার্টার্ড সেক্রেটারি ডিগ্রি তাদের কর্মক্ষেত্রে অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

আইসিএসবি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং শিক্ষা কমিটির চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। তিনি শিক্ষার্থীদের স্বাগত জানান এবং কোর্স ও ক্লাস পরিচালনা পদ্ধতি সম্পর্কে আলোকপাত করেন। তার বক্তব্যে তিনি কর্মক্ষেত্রে চার্টার্ড সেক্রেটারি পেশার নানাবিধ সম্ভাবনার কথা উল্লেখসহ শিক্ষার্থীদের সার্বিক পাঠ প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করেন।

আইসিএসবি’র কাউন্সিল সদস্য এবং পরীক্ষা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া নতুন শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা জানান এবং তাদের জীবনের নতুন অধ্যায়ে স্বাগত জানান। তিনি পরীক্ষা পদ্ধতি সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন। চার্টার্ড সেক্রেটারি পেশার সম্ভাবনা ও ভবিষ্যৎ সুযোগ সম্পর্কে তিনি আলোকপাত করেন এবং তাদের সবসময় সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

আইসিএসবি’র ভাইস প্রেসিডেন্ট মো. শরীফ হাসান, ট্রেজারার মো. মিজানুর রহমান, কাউন্সিল সদস্য মোহাম্মদ শাহজাহান, কাউন্সিল সদস্য এম মাজেদুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তারা প্রত্যেকে তাদের স্বাগত জানান এবং তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন প্রাসঙ্গিক প্রশ্নসমূহ উত্থাপন করেন ও সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।

সমাপনী বক্তব্যে আইসিএসবি’র কাউন্সিল সদস্য মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন চার্টার্ড সেক্রেটারি পেশার নানা ক্ষেত্র ও এর সম্ভাবনার বিষয়ে আলোকপাত করেন এবং এই পেশা বেছে নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান।

তিনি তাদেরকে আইসিএসবি’র সুনাম ও ভাবমূর্তি ছড়িয়ে দেওয়ার জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ভূমিকা রাখতে উৎসাহিত করেন।