বাসস
  ০৪ মার্চ ২০২৬, ১৭:০৬

বেপজা অর্থনৈতিক অঞ্চলে চীনা কোম্পানির ২ কোটি ২০ লাখ ডলার বিনিয়োগ

ঢাকা, ৪ মার্চ, ২০২৬ (বাসস) : বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) অর্থনৈতিক অঞ্চলে ফ্যাশন ও সৌন্দর্য প্রসাধনী পণ্য উৎপাদনে ২ কোটি ২০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে চীনা প্রতিষ্ঠান অ্যাডেলিন বিউটি টেকনোলজি (বাংলাদেশ) কোম্পানি লিমিটেড। 

এ লক্ষ্যে আজ বেপজার সঙ্গে প্রতিষ্ঠানটির একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বেপজার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

বেপজার পক্ষে নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং বিনিয়োগকারী প্রতিষ্ঠানের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক হ্যাং সান চুক্তিতে স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অ্যাডেলিন বিউটি টেকনোলজি কারখানায় উইগ, আইল্যাশ ও কসমেটিক নেইলসহ বিভিন্ন ধরনের ফ্যাশন হেয়ার ও সৌন্দর্য পণ্য উৎপাদন করা হবে। উৎপাদিত পণ্য প্রধানত যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, স্পেন, ইতালি, সংযুক্ত আরব আমিরাত, রাশিয়া ও মেক্সিকোসহ বিভিন্ন আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা হবে।

প্রতিষ্ঠানটির এ বিনিয়োগের মাধ্যমে প্রায় ৪ হাজার ১৭০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এতে দেশের রপ্তানি বহুমুখীকরণ এবং দ্রুত বিকাশমান বৈশ্বিক বিউটি ও পার্সোনাল কেয়ার খাতে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে।

অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বিনিয়োগ গন্তব্য হিসেবে বেপজা অর্থনৈতিক অঞ্চল নির্বাচন করায় প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানান এবং বিনিয়োগকারীদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করতে বেপজার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বৈচিত্র্যময় ও মূল্য সংযোজনমূলক খাতে আরও চীনা বিনিয়োগের আহ্বান জানান।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম. আনোয়ার পারভেজসহ বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রতিষ্ঠানটির প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।