শিরোনাম

ঢাকা, ৩ মার্চ, ২০২৬ (বাসস) : বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড ‘লঙ্কাবাংলা ফিক্সড ইনকাম ফান্ড’ এর খসড়া প্রসপেক্টাস ও খসড়া প্রসপেক্টাসের সারসংক্ষেপ অনুমোদন করা হয়েছে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ১০০১তম কমিশন সভায় এই অনুমোদন দেয়া হয়। বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে আজ কমিশনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড লঙ্কাবাংলা ফিক্সড ইনকাম ফান্ডের অনুমোদনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় যে তহবিলটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ২৫ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা ‘লঙ্কাবাংলা সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি লিমিটেড’ ২ কোটি ৫০ লাখ টাকা প্রদান করেছে। অবশিষ্ট ২২ কোটি ৫০ লাখ টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে। তহবিলটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।
উক্ত তহবিলের সম্পদ ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছে ‘লঙ্কাবাংলা সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি লিমিটেড’। তহবিলের ট্রাস্টি হিসেবে ‘সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড’ এবং কাস্টডিয়ান হিসেবে ‘কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি’ দায়িত্ব পালন করছে। সভায় কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।