শিরোনাম

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও স্থিতিশীলতা বজায় রেখে ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশ নিশ্চিত করা।
আজ দুপুরে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিসকক্ষে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র (ডিসিসিআই) পরিচালনা পর্ষদ-এর সদস্যগণ সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের অগ্রাধিকারের মধ্যে আরো রয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখা। তিনি বলেন, দ্রব্যমূল্য যাতে কৃত্রিমভাবে বাড়ানো না হয় এবং এ খাতে দীর্ঘ ১০-১৫ বছরের সিন্ডিকেট ভেঙে দেয়া যায়-সে লক্ষ্যে আমরা কাজ করছি। গতানুগতিক পন্থা অবলম্বন না করে নতুন বা সৃজনশীল পন্থায় ব্যবসা-বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
মন্ত্রী আরো বলেন, আমরা পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাই। প্রথমে বিভাগীয় বা বড় শহর থেকে এ কার্যক্রম শুরু করা হবে। এজন্য প্রশাসন ও পুলিশসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতার প্রয়োজন।
বর্তমান সরকারের লক্ষ্য দীর্ঘমেয়াদির পাশাপাশি জনগণের স্বল্পমেয়াদি প্রত্যাশা পূরণ করা বলে জানান সালাহউদ্দিন আহমদ।
বৈঠকে ডিসিসিআই’র প্রেসিডেন্ট তাসকীন আহমেদ আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতকরণ ও পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে মন্ত্রীর সহযোগিতা কামনা করেন।
এ সময় অন্যান্যের মধ্যে ডিসিসিআই'র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাজীব এইচ চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট মো. সালেম সোলায়মান, সচিব ড. একেএম আসাদুজ্জামান পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।