বাসস
  ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ২২:১৫

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে বারভিডার অভিনন্দন

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমান-কে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছে বারভিডা (বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস্ ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন)।

গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বারভিডা জানায়, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় নবনিযুক্ত প্রধানমন্ত্রীকে সংগঠনটির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।

বারভিডা মনে করে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পূর্ব প্রস্তুতি পর্ব এবং নির্বাচন-পরবর্তী সময়ে তারেক রহমানের দায়িত্বশীল, দূরদর্শী ও প্রজ্ঞাপূর্ণ সিদ্ধান্ত এবং সার্বিক কার্যক্রম দেশবাসীকে অনুপ্রাণিত করেছে। দেশের সব রাজনৈতিক দল ও জনগণের মধ্যে ঐক্য ও পুনর্গঠনের যে বার্তা তিনি দিয়েছেন, তা জাতির জন্য অত্যন্ত তাৎপর্যময় বলে উল্লেখ করা হয়। পাশাপাশি জাতীয় সংসদের বিরোধী দলগুলোর প্রতি তাঁর রাজনৈতিক সৌজন্য প্রদর্শনকে প্রশংসনীয় বলেও উল্লেখ করে সংগঠনটি।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নবগঠিত সরকার দীর্ঘদিনের অপশাসনে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের রাষ্ট্রকাঠামো পুনর্গঠনে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি ও বিশৃঙ্খলা দমন এবং স্থবির অর্থনীতিকে গতিশীল করতে কার্যকর ও সুচিন্তিত পদক্ষেপ নেবে—এমন প্রত্যাশা বারভিডার।

এছাড়া বিএনপির ঘোষিত ৩১ দফা রূপরেখার অন্যতম ‘সড়ক, রেল ও নৌপথের আধুনিকায়ন এবং বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা’ শীর্ষক ধারায় দেশের যোগাযোগ অবকাঠামো উন্নয়নে প্রয়োজনীয় সংস্কার ও সমন্বিত উদ্যোগ গ্রহণের পরিকল্পনা বারভিডাকে আশাবাদী করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

দেশের সড়ক পরিবহন খাতে চার দশকেরও বেশি সময় ধরে বিশ্বসেরা প্রযুক্তির যানবাহন আমদানি ও সরবরাহের সঙ্গে যুক্ত বারভিডা এ খাতে সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী বলেও জানায়।

বারভিডা আশা প্রকাশ করে, তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে ‘সবার আগে বাংলাদেশ’ অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ একটি স্বনির্ভর ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে।