বাসস
  ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৪৮

প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে ডিবিএ’র অভিনন্দন

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নিরঙ্কুশ ও ঐতিহাসিক বিজয়ের মাধ্যমে দলের চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে পুঁজিবাজারের স্টক ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

বুধবার ডিবিএ’র পক্ষ থেকে প্রেরিত এক বার্তায় সংগঠনটির প্রেসিডেন্ট সাইফুল ইসলাম প্রধানমন্ত্রীকে এই অভিনন্দন জানান। একই সঙ্গে নবগঠিত সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রিপরিষদের সব সদস্যদেরও শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

বার্তায় ডিবিএ প্রেসিডেন্ট বলেন, দেশের জনগণ তাদের প্রত্যাশা পূরণে তারেক রহমান ও তাঁর দলের প্রতি আস্থা ও বিশ্বাস রেখেছে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি’র ঐতিহাসিক বিজয়ের মধ্য দিয়ে সেই আস্থা ও প্রত্যাশার সুস্পষ্ট প্রতিফলন ঘটেছে। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন যে, তারেক রহমানের নেতৃত্বে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানের বাস্তবায়নের মাধ্যমে দেশের সব স্তরে প্রয়োজনীয় সংস্কার সাধিত হবে, দেশবাসীর আশা-আকাঙ্ক্ষা পূরণ হবে এবং দেশ সামগ্রিকভাবে সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।

ডিবিএ মনে করে, দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে একটি শক্তিশালী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক আর্থিক খাত এবং আস্থাভিত্তিক টেকসই পুঁজিবাজার গড়ে তোলা অত্যন্ত জরুরি। দীর্ঘদিনের কাঠামোগত দুর্বলতা, আস্থাহীনতা, সুশাসনের ঘাটতি ও নীতিগত অসামঞ্জস্য দূর করে আর্থিক খাত ও পুঁজিবাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনা এখন সময়ের দাবি বলে উল্লেখ করা হয়।

এই প্রেক্ষাপটে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, দীর্ঘমেয়াদি অর্থায়নের উৎস হিসেবে পুঁজিবাজারকে শক্তিশালী করা, বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার, প্রযুক্তিনির্ভর আধুনিক বাজার কাঠামো গড়ে তোলা এবং নীতি-সহায়ক ও স্থিতিশীল নিয়ন্ত্রক পরিবেশ নিশ্চিত করতে দ্রুত ও বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণের ওপর ডিবিএ গুরুত্বারোপ করে।

ডিবিএ আশা প্রকাশ করে, নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার জনগণের প্রত্যাশা পূরণ, নির্বাচনী ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতির বাস্তবায়ন এবং বিশেষ করে পুঁজিবাজারের সংস্কার ও উন্নয়নে ঘোষিত পরিকল্পনাসমূহ কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে।