বাসস
  ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ২০:০৮

বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি আইএমইডিতে বার্ষিক প্রতিবেদন জমা দিয়েছে 

ঢাকা, ১৬ ডিসেম্বর, ২০২৬ (বাসস): বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য প্রস্তুতকৃত তাদের বার্ষিক প্রতিবেদন পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে (আইএমইডি) জমা দিয়েছে।

বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি আইন, ২০২৩ এবং তথ্য অধিকার আইন, ২০০৯-এর বিধান অনুযায়ী প্রণীত এ প্রতিবেদনটি আজ শেরেবাংলা নগরস্থ বাংলাদেশ পরিকল্পনা কমিশন ক্যাম্পাসে অবস্থিত আইএমইডি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

াইএমইডি সচিব সিরাজুন নূর চৌধুরীর কাছে বিপিপিএ’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এম মঈনউদ্দীন আহমেদ প্রতিবেদনটি হস্তান্তর করেন। এ সময় বিপিপিএ’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বার্ষিক প্রতিবেদনে ২০২৪-২০২৫ অর্থবছরে দেশের সরকারি ক্রয় ব্যবস্থার নীতিমালা ও প্রাতিষ্ঠানিক কাঠামো, কার্যক্রম এবং অগ্রগতির একটি সামগ্রিক চিত্র তুলে ধরা হয়েছে। এতে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি), টেকসই সরকারি ক্রয় (এসপিপি), আইন ও বিধিমালার সংশোধনী, সক্ষমতা বৃদ্ধি ও প্রশিক্ষণ কার্যক্রম এবং ক্রয়প্রক্রিয়া-উত্তর পুনরীক্ষণ সংক্রান্ত বিশ্লেষণ ও তথ্য অন্তর্ভুক্ত রয়েছে।

প্রতিবেদন গ্রহণকালে আইএমইডি সচিব বিপিপিএকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে বার্ষিক প্রতিবেদন প্রণয়নের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ রেফারেন্স হিসেবে ব্যবহৃত হবে বলে আশা প্রকাশ করেন। তিনি প্রকাশনার সামগ্রিক নকশা ও উপস্থাপনার প্রশংসাও করেন।

বিপিপিএ’র সিইও বলেন, এটি বিপিপিএ-এর প্রথম বার্ষিক প্রতিবেদন। উল্লেখ্য, ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর আইএমইডি’র পূর্বতন সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) রূপান্তরের মাধ্যমে বিপিপিএ একটি স্বতন্ত্র কর্তৃপক্ষ হিসেবে প্রতিষ্ঠিত হয়।