বাসস
  ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:০৩
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:০৮

দিনাজপুরে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু 

দিনাজপুর, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাপ্তাহিক ছুটিসহ তিনদিন বন্ধের পর আজ হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। 

আজ শনিবার বিকাল সাড়ে ৩টায় দিনাজপুর হিলি স্থলবন্দর পানামা পোর্ট লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

হিলি স্থল বন্দরের কাস্টমস বিভাগের সুপার এম আর জামান জানান, নির্বাচন উপলক্ষে তিনদিন বন্ধ থাকার পর আজ শনিবার দুপুরে এই স্থল বন্দর দিয়ে ভারত থেকে ভুট্টা, মসলা ও ফল বোঝাই বেশ কয়েকটি ট্রাক দেশে প্রবেশ করেছে। আমদানিকৃত পণ্য নিয়ে আসা ট্রাকগুলো থেকে মালামাল খালাসের কাজ চলছে। বন্দরের সবধরনের কার্যক্রম স্বাভাবিক হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

হিলি স্থলবন্দরের উদ্ভিদ নিরোধ কর্মকর্তা মো. ইউসুফ আলী জানান, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তিনদিন বন্ধের পর আজ শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে এই বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে। পাশাপাশি স্বাভাবিক হয়েছে বন্দরের অভ্যন্তরীণ সব কার্যক্রম। 

তিনি জানান, ভারত থেকে বন্দরে পণ্যবাহী ট্রাক প্রবেশ করতে শুরু করেছে। তা আনলোড হয়ে দেশি ট্রাকে লোড হয়ে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যেতে শুরু করেছে।

হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গত ১১ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি তিনদিন বন্ধের পর আজ ১৪ ফেব্রুয়ারি শনিবার থেকে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে।